খুলনা | সোমবার | ০৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

কমতে পারে ‘লাইফলাইন’ গ্রাহকদের বিদ্যুৎ বিল

খবর প্রতিবেদন |
০৪:২৬ পি.এম | ০৪ জুন ২০২৬

 

কমতে পারে ‘লাইফলাইন’ গ্রাহকদের বিদ্যুৎ বিল
বিদ্যুতের দাম বৃদ্ধির একদিনের মাথায় লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য পুরোনো দাম বহালের আবেদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ সংক্রান্ত প্রস্তাবনা ইতোমধ্যেই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) জমা দেওয়া হয়েছে।

বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণার মাত্র একদিন পর বৃহস্পতিবার (৪ জুন) তা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে আবেদন করা হয়।

এ বিষয়ে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, পিডিবির পক্ষ থেকে এ সংক্রান্ত রিভিউ আবেদন জমা দেওয়া হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়েছে কমিশন। প্রস্তাবটি যেহেতু গ্রাহকদের স্বার্থে এবং এতে বিদ্যুতের দাম কমানোর বিষয় রয়েছে, তাই এ ক্ষেত্রে গণশুনানির প্রয়োজন হবে না। দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে বুধবার (৩ মে) পাইকারি ও খুচরা—দুই পর্যায়েই বিদ্যুতের দাম বাড়ানো হয়। এ কারণে বাড়তি দামের চাপ পড়বে সব শ্রেণির গ্রাহকের ওপর। বাদ যাননি গ্রামের প্রান্তিক ও নিম্ন আয়ের বিদ্যুৎ ব্যবহারকারীরা।

সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুন থেকে কার্যকর হওয়ার কথা ছিল নতুন এই দাম। এতে আবাসিক লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম চার টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে পাঁচ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়। একইসঙ্গে প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম পাঁচ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ছয় টাকা ১৮ পয়সা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ