খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

বজ্রপাতে সিরাজগঞ্জে তিন কৃষক ও কুয়াকাটায় জেলের মৃত্যু

খবর ডেস্ক |
১২:৩৪ এ.এম | ১৬ জুন ২০২১

সিরাজগঞ্জে বজ্রপাতে তিন কৃষক ও পটুয়াখালীর কুয়াকাটায় এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে এ দুর্ঘটনা দু’টি ঘটে।
সিরাজগঞ্জ : জেলার শাহজাদপুর, উল­াপাড়া ও কাজীপুর উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ও বিকেলে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। কাজীপুরের ঘটনায় আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার দুপুরে শাহজাদপুর উপজেলার সড়াতৈলে মারা যান নজরুল ইসলাম (৪৮) নামে এক কৃষক। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, দুপুরে জমি থেকে খড় আনতে যান নজরুল ইসলাম। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
উল­াপাড়া উপজেলার কয়ড়া গ্রামে মঙ্গলবার বিকেলে মারা যান কৃষক আতিকুর রহমান। উল­াপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, বিকেলে নিজের জমিতে কৃষি কাজ করছিলেন আতিকুর রহমানসহ চারজন। এ সময় বজ্রপাত হলে চারজনই গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতরা হলেন কয়ড়া হোরপাড়া গ্রামের রবিউল ইসলাম (৪৬), সাইফুল ইসলাম (৪৫) ও জহুরুল ইসলাম (২৪)।
এদিকে আরেকটি বজ্রপাতের ঘটনায় মঙ্গলবার বিকেলে মারা যান কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুরের কৃষক ফরিদ উদ্দীন। বিষয়টি নিশ্চিত করেন নিশ্চিন্তপুর ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন।
পটুয়াখালী : জেলার কুয়াকাটায় বজ্রপাতে মোঃ আলমগীর (২৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কুয়াকাটা সৈকতের মম্বীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৈরী আবহাওয়ার মধ্যে খুব সকালে জোয়ারের পানি থেকে রেণু ধরার জন্য সাগরে যায় আলমগীর। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।
মহিপুর থানার অফিসার কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আলমগীরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

প্রিন্ট

আরও সংবাদ