খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

মৃত্যুতে খুলনা ও রাজশাহী শীর্ষে

করোনা : দেশে ৫৩ দিনের মধ্যে সর্বাধিক রোগী শনাক্ত, একদিনে প্রাণহানী অর্ধশত

খবর প্রতিবেদন |
১২:৫০ এ.এম | ১৬ জুন ২০২১

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ধারায় দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার ৩১৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে ৫০ জনের। সোমবারও মৃত্যুর সংখ্যা ৫০ এর উপরে ছিল; শনাক্ত রোগীর সংখ্যাও ৩ হাজারের বেশি ছিল।
সর্বশেষ ৫৩ দিন আগে মঙ্গলবারের চেয়ে বেশি রোগী শনাক্ত খবর এসেছিল। গত ২৩ এপ্রিল ৩ হাজার ৬২৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
গত একদিনে নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জন হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ২২২ জন।
খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে রোগী শনাক্তের হার বেশি। গত একদিনে সর্বাধিক ১৫ জন করে ৩০ জন মারা গেছে এই দুই বিভাগে।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ২ হাজার ৪৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭১ হাজার ৭৩ জন।
বাংলাদেশে গত মার্চের শেষ থেকে সংক্রমণ ও মৃত্যুর গতি বেড়ে যায়। কঠোর বিধি-নিষেধের মধ্যে মে মাসে তা কিছুটা কমলেও সীমান্ত অঞ্চলে করোনাভাইরাসের ডেল্টা ধরনের সংক্রমণ ঘটার পরিপ্রেক্ষিতে রোগীর সংখ্যা আবার বাড়ছে।
ঢাকা নগরীসহ জেলায় গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ৫৫০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর পরে বেশি শনাক্ত হয়েছে রাজশাহী (৩৫৩ জন), যশোর (২৪৯), নোয়াখালী (১৯১ জন), খুলনা (১৬৬ জন), চট্টগ্রাম (১৫৮ জন)।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫১২টি ল্যাবে ২৩ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৬২ লাখ ১৮ হাজার ৯৭৯টি নমুনা।
গত একদিনে যারা মারা গেছেন, তাদের ৩০ জন পুরুষ আর ২০ জন নারী। তাদের ৪৫ জন সরকারি হাসপাতালে, ৩ জন বেসরকারি হাসপাতালে মারা যান। একজনকে হাসপাতালে আনার পথে এবং একজন বাসায় মারা গেছেন।
মৃতদের মধ্যে ৬ জন ঢাকা বিভাগের, ৬ জন চট্টগ্রাম বিভাগের, ১৫ জন রাজশাহী বিভাগের, ১৫ জন খুলনা বিভাগের, ১ জন বরিশাল বিভাগের, ৩ জন সিলেট বিভাগের, ১ জন রংপুর বিভাগের এবং ৩ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। এ পর্যন্ত মৃত ১৩ হাজার ২২২ জনের মধ্যে ৯ হাজার ৫০৭ জন পুরুষ এবং ৩ হাজার ৭১৫ জন নারী।

 

প্রিন্ট

আরও সংবাদ