খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

খুলনা করোনা হাসপাতালে ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |
১০:২৭ এ.এম | ১৬ জুন ২০২১

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫জন করোনায় আক্রান্ত হয়ে এবং চারজন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ বুধবার (১৬ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ও খুমেক হাসপাতালের আরএমও ডাঃ সুহাস রঞ্জন হালদার। 

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হয়েছে।  এরমধ্যে ৫ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৪ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া হাসপাতালে সকাল ৮ টা পর্যন্ত ১৩৯ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেড জোনে ৭০ জন, ইয়ালো জোনে ২১ জন, এইচডিইউ'তে ২৮ জন এবং আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।

করোনা হাসপাতাল সূত্রে জানা গেছে,  গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাটের ফকিরহাটের গাজী মোজাফফর হোসেনের স্ত্রী মজিনা খাতুন (৫৫), বাগেরহাট মোড়লগঞ্জের চিংড়িখালি এলাকার আঃ সালামের স্ত্রী ফারুক তালুকদার (৫৫), মোংলার আঃ কাদেরের স্ত্রী মারুফা বেগম (৪০), খুলনার তেরখাদার নাজির কাজীর স্ত্রী জুলেখা বেগম (৬৫), রামপালের মৃত শেখ ইশারাত আলীর ছেলে শেখ মোকছেদ আলী (৭০) মৃত্যুবরণ করেন। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইয়োলো জোনে করোনা উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।

এদিকে, গতকাল মঙ্গলবার (১৫ জুন) রাতে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় ২০০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে ৫৩৬ জনের নমুনা পরীক্ষায় ২০০ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন। এছাড়া বাগেরহাট ৩১ জন, যশোরের ৫ জন, সাতক্ষীরার ৫ জন, ঝিনাইদহের ৬ জন ও নড়াইল জেলার ৪ জন রয়েছে।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, খুমেকের পিসিআর মেশিনে মোট নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৭.৩১ শতাংশ।

প্রিন্ট

আরও সংবাদ