খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

খুলনায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক |
০২:১০ পি.এম | ১৬ জুন ২০২১

খুলনা মহানগরীতে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল জলিল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার পৌর কলোনির রাহেলা বস্তির বাসিন্দা। আজ বুধবার (১৬ জুন) সকালে ভুক্তভোগীর অভিযোগের পর পুলিশ তাকে আটক করে।

স্থানীয়রা জানান, সোনাডাঙ্গা ময়লাপোতা রাহেলা বস্তির পুলিশের কথিত সোর্স মিন্টু ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মিন্টু হাওলাদারের নেতৃত্বে ওই এলাকায় প্রতিনিয়ত মাদকের আসর বসে। বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ও বিক্রেতা এই মাদক নিয়ন্ত্রণ করে। মাদক সেবনের পর তারা প্রায়ই মাতলামি করে এবং নারীদের সাথে অশ্লীল আচরণ করে। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারেন না। ফলে নির্দ্বিধায় তাদের মাদক ব্যবসা ও আসর চলে আসছে।

স্থানীয়রা আরও জানান, আজ বুধবার সকালে জলিল নামের ওই মাদকসেবী প্রতিবন্ধী শিশুর ঘরে ঢুকে শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। পরে লোকজনের উপস্থিতি টের সে সটকে পরে।

এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমতাজুল হক বলেন, এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টাকালে এলাকাবাসী ও শিশুর পরিবার শিশুটিকে উদ্ধার করে। শিশুর পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় অভিযুক্ত জলিলের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ