খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

রোনালদোর জোড়া গোলে বড়জয়ে ইউরো শুরু পর্তুগালের

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩১ এ.এম | ১৭ জুন ২০২১

বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে গত পাঁচটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ জিততে পারেনি পর্তুগাল। হাঙ্গেরির গোছানো রক্ষণভাগ দেখে আশঙ্কা জাগছিল, হয়তো আবারও একই দুর্ভাগ্যবরণ করে নিতে যাচ্ছে গত আসরের চ্যাম্পিয়নরা। কিন্তু না, শেষ আট মিনিটে গুনে গুনে তিন গোল করলো তারা। জোড়া গোল করার পথে ইউরোর সর্বকালের শীর্ষ গোলদাতা হলেন বিরতির আগে ক্রসবারের উপর দিয়ে বল পাঠানো ক্রিস্টিয়ানো রোনালদো । বুদাপেস্টে ৬০ হাজারেরও বেশি দর্শককে নিস্তব্ধ করে ৩-০ গোলে হাঙ্গেরিকে হারালো পর্তুগাল।
পর্তুগালের বড় জয়ের এই রাতে ইউরো চ্যাম্পিয়নশিপে গোলের নতুন রেকর্ড গড়েছেন রোনালদো। ইউরোতে সবচেয়ে বেশি গোলের মালিক এখন তিনি। সব মিলিয়ে তার গোলসংখ্যা ১১। টপকে গেছেন তিনি এর আগে সর্বোচ্চ গোল তালিকার শীর্ষে থাকা মিচেল প্লাতিনিকে। হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে দুই গোল করে রোনালদো এখন টপ লিস্টে। এর আগে একাদশে নাম লেখানোর সঙ্গে সঙ্গে দু’টি রেকর্ড গড়েন তিনি। প্রথম খেলোয়াড় হিসেবে পঞ্চম ইউরো খেলছেন তিনি, আর যে কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে এটি ছিল তার ৩৯তম ম্যাচ। তাতে জার্মানির বাস্তেইন শোয়েনস্টেইগারকে (৩৮) পেছনে ফেলে সবার উপরে তিনি।

 

প্রিন্ট

আরও সংবাদ