খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

সাব্বিরের বিরুদ্ধে বর্ণবাদ, গালাগাল ও ইট ছুঁড়ে মারার অভিযোগ

ক্রীড়া প্রতিবেদক |
১২:৫১ এ.এম | ১৭ জুন ২০২১

মাঠের পারফরম্যান্সে আলোচনায় নেই। ব্যাট যখন কথা বলছিল না তখন তিনি এগিয়ে গেলেন ভিন্ন পথে। মাঠের বাইরে বিতর্কিত আরেকটি কাণ্ডে সাব্বির আবার আলোচনায়। প্রিমিয়ার লিগের ক্লাব শেখ জামালের স্পিন অলরাউন্ডার ইলিয়াস সানীকে গালাগাল, ইট ছুঁড়ে মারা ও বর্ণবাদের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ঘটনায় শেখ জামাল ক্লাব কর্তৃপক্ষ এরই মধ্যে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস বরাবর লিখিত অভিযোগ করেছে। সিসিডিএম চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম বরাবর চিঠি পাঠিয়ে সাব্বিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে শেখ জামাল।
ঘটনা জানাতে গিয়ে ইলিয়াস সানী বলেন, ‘গত ১৩ জুন আমাদের সঙ্গে ওদের ক্লাবের খেলা ছিল। আমি ব্যাটিংয়ে নামার সময় থেকেই অকথ্য ভাষায় কথা বলতে থাকে। ক্রিকেট মাঠে স্লেজিং হয়। কিন্তু গালাগাল করা... মাঠে সেই বিষয়টি সমাধান হয়ে যায়’।
ওখানেই শেষ নয়, সানী আরও বলেন, ‘আজ বিকেএসপিতে আমি যখন ফিল্ডিং করছিলাম তখন আবার নিজ থেকে এগিয়ে এসে ঝামেলা করে। বাস থেকে নেমে আমাকে কাইল্যা, কাইল্যা বলে ডাকতে থাকে। তার সঙ্গে আমার সম্পর্ক এতটা গভীরও নয় যে এমনটা বলতে পারে। দীর্ঘদিন সেও ক্রিকেট খেলে, আমিও খেলছি। কিন্তু এ রকম ডাক কখনও তার মুখ থেকে শুনিনি। এরপর ইট নিয়ে আমাকে ছুড়ে মারে। আমার গায়ে লাগেনি, কিন্তু ফিল্ডিং করছিলাম বলে আমাকে সাবধানী হওয়া দরকার ছিল। আমি আম্পায়ার ও ম্যাচ রেফারির কাছে অভিযোগ করি। তারা খেলা থামিয়ে রেখেছিল ২-৩ মিনিট। সাব্বিরকে বকা দিয়ে ওখান থেকে সরিয়ে দেয়’।
মাঠে ও মাঠের বাইরের বিতর্কিত ঘটনার জন্য সাব্বির এর আগেও নিষিদ্ধ হয়েছেন। খেলা চলাকালে গ্যালারিতে গিয়ে দর্শক পিটিয়ে ছয় মাস নিষিদ্ধ হয়েছেন। এবারের অপরাধও বড় অপরাধ। সামনে সাব্বিরের ভাগ্যে কী আছে তা সময়ই বলে দেবে।
 

প্রিন্ট

আরও সংবাদ