খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

করোনা : মৃত্যু ফের ষাটের ঘরে শনাক্ত ৮ সপ্তাহের সর্বোচ্চ

খবর ডেস্ক |
১২:৫২ এ.এম | ১৭ জুন ২০২১

করোনাভাইরাসের ডেল্টা ধরনের কমিউনিটি ট্রান্সমিশনের মধ্যে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা আর মৃত্যু আরও বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার ৯৫৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা প্রায় আট সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। আক্রান্তদের মধ্যে গত একদিনে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে, যা গত ৪ মের পর থেকে ৪৩ দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট ১৩ হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে একদিনে এরচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল গত ২২ এপ্রিল, সেদিন ৪ হাজার ১৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
আর একদিনে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ গত ৪ মে। সেদিন করোনাভাইরাসে ৬১ জনের মৃত্যুর খবর এসেছিল।
মঙ্গলবারও দেশে ৫০ জনের মৃত্যুর খবর এসেছিল, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৩ হাজার ৩১৯ জন। গত এক দিনে নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জন হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ২৮২ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬৭৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫১০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮০৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬২ লাখ ৪২ হাজার ৭৮৬ টি।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬০ জনের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে আটজন করে মোট ১৬ জন, খুলনা বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে চারজন ও সিলেট বিভাগে ছয়জন ও ময়মনসিংহে তিনজন রয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৬ জন, বেসরকারি হাসপাতালে নয়জন এবং বাড়িতে পাঁচজন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন এক হাজার ৫৩৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৯৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৫১ হাজার ১৬০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ২৪ হাজার ৪৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৭ হাজার ১১৭ জন।
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ডেল্টার সামাজিক বিস্তার বা কমিউনিটি ট্রান্সমিশন ঘটায় রাজশাহী ও খুলনার ভারত সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ ও মৃত্যু গত কয়েক সপ্তাহ ধরেই বাড়ছিল। গত কয়েক দিন  ধরে ঢাকাতেও শনাক্ত রোগীর সংখ্যা ফের বাড়ছে।

 

প্রিন্ট

আরও সংবাদ