খুলনা | সোমবার | ১৯ জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২
জাতীয় রাজস্ব বোর্ড অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করেছে। ২০২৪-২০২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে উন্মুক্ত করা হয় এ সেবা। http://www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। ইতোমধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন বলেন, ইতোমধ্যে ই-রিটার্ন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি অধিকতর করদাতাবান্ধব করা হয়েছে। ই-রিটার্নে সফলভাবে রেজিস্ট্রেশন করতে করদাতার নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত বায়োমেট্রিক সিম প্রয়োজন হয়। করদাতার ব্যবহৃত নম্বরটি নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে তা যাচাই করার জন্য *১৬০০১# নম্বরে ডায়াল করে যাচাই করতে পারবেন।
এনবিআর সূত্র বলছে, ই-রিটার্ন সিস্টেমের সহায়তার জন্য সার্ভিস সেন্টারের উদ্বোধন করে এনবিআর। গত ২৩ সেপ্টেম্বর আগারগাঁওয়ে এনবিআরে ই-রিটার্ন সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে।
সার্ভিস সেন্টারটি সব কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ০৯ ৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাবেন। এছাড়া http://www.etaxnbr.gov.bd এর eTax Service অপশন থেকে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যা লিখিতভাবে জানাতে পারবেন ও সমাধান পাবেন বলে জানিয়েছে এনবিআর। এ ছাড়া অনলাইনে রিটার্ন তৈরি ও জমা দেওয়া যাবে।
আবার এই সিস্টেম থেকে ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধ করতে পারবেন। এ ছাড়া দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।