খুলনা | বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জামায়াতের

খবর প্রতিবেদন |
১২:০২ এ.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৬

 

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ইতোমধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনের ঠিক কয়েক ঘণ্টা আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে এসে পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিএনপি ও ১১ দলীয় জোটের নেতারা।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপি অভিযোগ করেছে, নিজেদের পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি পক্ষ। অপরদিকে জামায়াতে ইসলামী বলছে, যত ষড়যন্ত্রই হোক, ভোটের মাঠ ছাড়বে না ১১ দলীয় জোট।
জানা গেছে, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নানা অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে আসে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, নির্বাচনে কেউ বাঁধা দেওয়ার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে। পাশাপাশি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে অবিলম্বে তাঁর পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানান তিনি।
এর কিছুক্ষণ পর সিইসির সঙ্গে বৈঠক করতে আসেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
সৈয়দপুর বিমানবন্দরের ঘটনা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ভোটের আগের দিন এমন একটি ঘটনা ঘটেছে যা প্রশ্নের জন্ম দেয়। নির্বাচনী পরিবেশ নিয়ে ইসি আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে ইসি সচিব আখতার আহমেদ জানান, টাকার ব্যাগসহ সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের বিষয়ে সিদ্ধান্ত নেবে তাঁকে আটককারী কর্তৃপক্ষ।
উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন বলেও জানান ইসি সচিব।

প্রিন্ট

আরও সংবাদ