খুলনা | বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

সাবেক প্রতিমন্ত্রী ও আ’লীগ নেতা আব্দুল মান্নান খান আর নেই

খবর প্রতিবেদন |
১২:০৮ এ.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৬


বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এড. আব্দুল মান্নান খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতা ও অসুস্থতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
এড. আব্দুল মান্নান খান ছিলেন এদেশের রাজনীতির এক পরিচিত মুখ। তার রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য দিকগুলো হলো: ২০০৯ সালে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং মহাজোট সরকারের মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তিনি তিন মেয়াদে আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দলের নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য এবং পরবর্তীতে উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবেও সক্রিয় ছিলেন। রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয়েছিল ছাত্র রাজনীতি দিয়ে। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।
রাজনীতির পাশাপাশি পেশাগত জীবনে তিনি একজন অত্যন্ত সফল আইনজীবী ছিলেন। তিনি সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আইনজীবীদের নেতৃত্বে ছিলেন। এছাড়া সামাজিক ও কূটনৈতিক অঙ্গনেও তাঁর পদচারণা ছিল; তিনি বাংলাদেশ- সোভিয়েত ইউনিয়ন মৈত্রী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।
বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা হাসপাতালে ভিড় করেন। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

প্রিন্ট