খুলনা | বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

ডাবল সুপার ওভারে আফগানদের হারালো দঃ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক |
০১:০৪ এ.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৬


প্রথম সুপার ওভার ড্র হওয়ার পর দ্বিতীয় সুপার ওভারে গড়ায় ম্যাচ। সেখানেও চলে নাটকীয়তা। শেষ বলে ছক্কা প্রয়োজন ছিল আফগানিস্তানের। কিন্তু বাউন্ডারি পার করতে না পারায় থেমে যায় তাদের লড়াই। তাতেই রোমাঞ্চকর এক ম্যাচে শেষ হাসি হাসে দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপের ইতিহাসে দু’টি সুপার ওভারে গড়ানো ম্যাচ এবারই প্রথম। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ত্রয়োদশ ম্যাচটি নির্ধারিত ২০ ওভারে দুই দল সমতায় শেষ করে। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। প্রথম সুপার ওভারে আগে ব্যাট করে আফগানিস্তান তোলে কোনো উইকেট না হারিয়ে ১৭ রান। জবাবে দক্ষিণ আফ্রিকাও করে ১৭ রান, হারায় ১ উইকেট। ওভারটি সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। এই ওভারে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। ঝড়ো ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে তোলে ২৩ রান। লক্ষ্যটা কঠিন হলেও আফগানিস্তান লড়াই চালিয়ে যায়। তবে চাপের মুখে উইকেট হারানো তাদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান। কিন্তু বড় শট খেলতে গিয়ে সফল হতে পারেননি ব্যাটার। তাতেই নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার জয়। 
 

প্রিন্ট

আরও সংবাদ