খুলনা | বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার উড়ন্ত সূচনা

ক্রীড়া প্রতিবেদক |
০১:০৫ এ.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৬


কলম্বোয় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডকে ৬৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের মতো তারকা বোলারদের অনুপস্থিতিতে বল হাতে ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন নাথান এলিস। তার ৪-১২ ফিগারের দুর্দান্ত বোলিংয়ে টানা পাঁচ হারের পর টি-টোয়েন্টিতে জয়ের দেখা পেল অজিরা।
অস্ট্রেলিয়ার ১৮২ রানের চ্যালেঞ্জ তাড়া করতে নেমে আইরিশরা শুরুতেই বড় ধাক্কা খায়। প্রথম বল খেলেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন অধিনায়ক পল স্টার্লিং। এরপর স্পিনার অ্যাডাম জাম্পার ঘূর্ণি ও নাথান এলিসের গতির সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ৩৫৪তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা জর্জ ডকরেল সর্বোচ্চ ৪১ রান করলেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ারপ্লেতেই ঝোড়ো শুরু করেন ট্রাভিস হেড, জশ ইংলিশ ও ক্যামেরন গ্রিন। ভারপ্রাপ্ত অধিনায়ক হেড দ্রুত ফিরলেও ইংলিশের ৩৭ ও গ্রিনের ২১ রানের পর পঞ্চম উইকেটে মার্কাস স্টয়নিস ও ম্যাট রেনশ’র ৬১ রানের জুটিতে বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৮২ রান। এদিকে, অজি নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারেননি। অনুশীলনের সময় কুঁচকিতে চোট পাওয়ায় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। অন্যদিকে, উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর অস্ট্রেলিয়ার কাছে এই পরাজয়ে আয়ারল্যান্ডের ‘সুপার এইট’-এ ওঠার স্বপ্ন এখন খাদের কিনারায়।
 

প্রিন্ট

আরও সংবাদ