খুলনা | বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ৩০ মাঘ ১৪৩২

আসছে মেয়েদের বিপিএল, টুর্নামেন্ট শুরুর সময় জানালো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক |
০১:০৫ এ.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৬


মেয়েদের আইপিএল রয়েছে, মেয়েরা খেলছেন বিগ ব্যাশও। এছাড়া দ্য হান্ড্রেডেও মেয়েদের জন্য আলাদা টুর্নামেন্ট রয়েছে। এবার বাংলাদেশও নিয়ে আসছে মেয়েদের বিপিএল। সবকিছু ঠিক থাকলে ‘উইমেন’স বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ বা ডব্লিউবিপিএল নামে টুর্নামেন্টটির প্রথম আসর মাঠে গড়াবে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল। মেয়েদের বিপিএল আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে মেয়েদের বিপিএল চালুর ঘোষণা দিয়েছে বিসিবি।
সূত্র বলছে, প্রথম আসরে ৩ দল নিয়ে আয়োজন করা হবে টুর্নামেন্ট। প্লেয়ার্স ড্রাফট পদ্ধতিতে প্লেয়ারদের দলে টানতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশি প্লেয়ারদের সাথে বিদেশি প্লেয়ার আনার সুযোগ তো থাকছেই। 
বিসিবির নারী বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের নারী ক্রিকেটকে আরও পেশাদার ও প্রতিযোগিতামূলক ধারায় এগিয়ে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বোর্ড মনে করছে, ডব্লিউবিপিএল দেশের নারী ক্রিকেটের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। প্রথম আসরে অংশ নেবে তিনটি ফ্র্যাঞ্চাইজি দল। দেশীয় ক্রিকেটারদের নিয়ে দল গঠন করা হবে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি ক্রিকেটারদের সঙ্গেও চুক্তিবদ্ধ হতে পারবে, যা টুর্নামেন্টের প্রতিযোগিতা ও আকর্ষণ বাড়াবে বলে আশা করা হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি নির্বাচন, ড্রাফটের নিয়ম, টুর্নামেন্টের ফরম্যাট, সূচি, ভেন্যু, স¤প্রচার ও বাণিজ্যিক অংশীদারিত্বসহ বাকি বিষয়গুলো যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিসিবি।
ডব্লিউবিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান করা হয়েছে বিসিবির পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলাকে। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে বোর্ডে যুক্ত থাকা রুবাবা বর্তমানে নারী উইং কমিটিরও প্রধান। টুর্নামেন্টের সার্বিক সাংগঠনিক কার্যক্রম এই কাউন্সিলের তত্ত¡াবধানে পরিচালিত হবে। বিশ্বজুড়ে নারী ক্রিকেটের জনপ্রিয়তা ও পরিধি ক্রমেই বাড়ছে। ভারতে উইমেন্স প্রিমিয়ার লিগ, অস্ট্রেলিয়ায় উইমেন্স বিগ ব্যাশ এবং ইংল্যান্ডে দ্য হান্ড্রেডে নারীদের আলাদা টুর্নামেন্ট ইতোমধ্যে সফলভাবে আয়োজন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশও নিজেদের নারী ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু করতে যাচ্ছে।
এ বিষয়ে বিসিবির পরিচালক রুবাবা দৌলা বলেন, ‘আমরা তিনটি দল নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করব। মেয়েদের ক্রিকেটে এটা খুব ভালো সুযোগ হবে। দলগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদেরও আনতে পারবে।’
বিদেশি ক্রিকেটার কতজন নেওয়া যাবে, ফ্র্যাঞ্চাইজি কীভাবে বাছাই করা হবে-এসব এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।
সর্বশেষ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সব ম্যাচ জিতে সবার আগে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলার মেয়েরা। বাছাইপর্বে শীর্ষে থেকে সেরা হয়েই দেশে ফিরেছে।
 

প্রিন্ট

আরও সংবাদ