খুলনা | বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ৩০ মাঘ ১৪৩২

যশোরে বিপুল পরিমাণ চকলেট বাজি ও আতশবাজি উদ্ধার, কারবারি পলাতক

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০১:১৯ এ.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৬


যশোর বড় বাজারের হাটচান্নী মার্কেটে শাড়ির ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ আতশবাজির ব্যবসার অভিযোগ উঠেছে সিহাব মোল­া নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে তার গুদাম থেকে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সিহাব মোল­া হাটচান্নী মার্কেটের নিচতলায় “সিহাব বস্ত্রালয়” নামে শাড়ি-কাপড়ের দোকান পরিচালনা করলেও মার্কেটের দ্বিতীয় তলায় ভাড়া নেওয়া দু’টি কক্ষে গোপনে বিস্ফোরক জাতীয় আতশবাজি মজুদ করে রাখতেন। খবর পেয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই গুদাম থেকে ৫ বস্তা ও ৫ কার্টুন চকলেট বোমা, তারাবাজি, পটকাবাজিসহ বিভিন্ন ধরনের আতশবাজি উদ্ধার করে। এ সময় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী সিহাব আগে চায়ের দোকান ও ভাজাপোড়ার দোকান চালাতেন। পরে শাড়ির ব্যবসা শুরু করলেও আড়ালে অবৈধ আতশবাজির কারবার চালিয়ে আসছিলেন।
ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। গুদামের মালিক সিহাবকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলা হলেও তিনি ফোন বন্ধ করে দেন। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পলাতক সিহাব মোল­াকে গ্রেফতারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

প্রিন্ট

আরও সংবাদ