খুলনা | বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

খুলনায় ভোটের মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য

নিজস্ব প্রতিবেদক |
০২:১৯ এ.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ। মহানগরীসহ খুলনা জেলার ৬টি আসনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ১৮ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। এদিকে আজকের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বুধবার সারাদিন খুলনায় ব্যস্ত সময় পার করেন নির্বাচনি কার্যক্রমে অংশ নেওয়া কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুপুরে শিববাড়ি মোড়ে প্রেস ব্রিফিংয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর থাকার কথা জানান। সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানের দোকানপাট বন্ধ ছিল। রাস্তায় যানবাহন ও মানুষের উপস্থিতি একেবারে কম দেখা যায়।
অপর দিকে, বুধবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খুলনা বিভাগীয় কমিশনারের চত্বর থেকে মহানগরীর দু’টিসহ জেলার ৬টি আসনের কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হয়েছে।
খুলনা জেলা প্রশাসন সূত্র জানায়, খুলনা ৬টি সংসদীয় আসনে ১ হাজার ২৫০ জন সেনা সদস্য, ৩শ’ জন বিজিবি, ৯৫৪ জন নৌবাহিনীর সদস্য, ৩৫৫ জন কোস্ট গার্ড সদস্য, ৯৮ জন র‌্যাব সদস্য, খুলনা মেট্রোপলিটন পুলিশের ২ হাজার ৪৩১ জন সদস্য, জেলা পুলিশের ২ হাজার ১২৪ জন সদস্য ও আনসার ভিডিপি’র ১১ হাজার ১১২ জনসহ ১৮ হাজার ৪২৪ জন সদস্য নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। এছাড়া খুলনা মহানগরী ও জেলায় ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
ইসি সূত্র জানায়, খুলনায় মোট কেন্দ্র সংখ্যা ৮৪০টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ ৫৮৫টি। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ছয়টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন খুলনা-৬। এই আসনের ১৫৫টির মধ্যে ১০৪টি অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 
এছাড়া খুলনা-১ আসনের ১১৯টির মধ্যে ৮০টি, খুলনা-২ আসনে ১৫৭টির মধ্যে ১১৩টি, খুলনা-৩ আসনে ১১৫টির মধ্যে ৭৭টি, খুলনা-৪ আসনে ১৪৪টির মধ্যে ৯৬টি এবং খুলনা-৫ আসনে ১৫০টির মধ্যে ৮৩টি।
খুলনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার বলেন, খুলনার ৬টি সংসদীয় আসনে পুলিশের পাশাপাশি সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র‌্যাব, আনসার ও ভিডিপির মোট ১৮ হাজার ৬২৪ জন সদস্য কর্মরত থাকবেন। টহল দল ২০ মিনিট পরপর প্রতিটি কেন্দ্র পরিদর্শন করবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, নির্বাচনের সার্বিক প্রস্তুতি দেখার জন্য গত মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দল খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তারা নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন।
 

প্রিন্ট

আরও সংবাদ