খুলনা | বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

গোপালগঞ্জে ৭ ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকা জুড়ে আতঙ্ক

গোপালগঞ্জ প্রতিনিধি |
০২:৪৪ এ.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জের অন্তত ৬টি স্থানে ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ হতাহত হয়নি। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এসব ককটেল বিস্ফোরণ ঘটে।
কেন্দ্রগুলো হলো গোপালগঞ্জ পৌরসভার বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোট কেন্দ্র, শহীদ মাহবুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের মাঝিগাতী হাইস্কুল কেন্দ্র, একই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে দুর্গাপুর হাই স্কুল কেন্দ্র ও টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র। খবর পেয়ে এসব ঘটনাস্থলে গিয়ে পুলিশ আলমত জব্দ করে। এছাড়া সেনাবাহিনী এসব স্থান পরিদর্শন করেছেন। পুরো এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সরোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, জেলার ৫ থেকে ৭টি স্থান বা তারও বেশি স্থানে এসব ককটেল বিস্ফোরণ হতে পারে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলমান রয়েছে।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটেলিয়ান অফিস কম্পাউন্ডে, গত ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাস ভবনে, ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে এবং গত বছরের ১২ ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
 

প্রিন্ট

আরও সংবাদ