খুলনা | শুক্রবার | ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | ৩০ মাঘ ১৪৩২

বাংলাদেশের নির্বাচনে আন্তর্জাতিক মিডিয়ার নজর

খবর প্রতিবেদন |
০১:৪১ পি.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৬

 

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। গেল ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের পর এই ভোট নিয়ে আন্তর্জাতিক মিডিয়াও নজর রাখছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয় ভোটগ্রহণ। ভোটাররা দলে দলে আসছেন ভোটকেন্দ্রে। বড় ধরনের সংঘাতের খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি। অংশগ্রহণকারী দলগুলো এবং পর্যবেক্ষকরা ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

শেখ হাসিনা সরকারের পতনের পর এই নির্বাচন নিয়ে আল জাজিরা জানিয়েছে, কড়া নিরাপত্তার মধ্যে বাংলাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে ভোটার উপস্থিতি কম বলেও জানিয়েছে আল জাজিরা।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, জেন জি’র অভ্যুত্থানের পর ঐতিহাসিক নির্বাচনে ভোট দিচ্ছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের স্থিতিশীলতার জন্য এই নির্বাচন গুরুত্বপূর্ণ বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসি বলছে, ২০২৪ সালে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভে শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনাবসনের পর বাংলাদেশে প্রথম ভোট অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে তরুণরা বড় ফ্যাক্টর হবে বলেও জানাচ্ছে বিবিসি।

বাংলাদেশের নির্বাচন নিয়ে এনবিসি শিরোনাম করেছে, জেন জি’র অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর উৎখাতের পর বাংলাদেশের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেও প্রায় একই ধরনের শিরোনাম করেছে। গণমাধ্যমটি বলছে, এই নির্বাচনকে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্ধৃতি করে সংবাদের শিরোনাম করেছে। ‘মুক্তির দিন’ উল্লেখ করে ইউনূস বলেছে, ২০২৪ সালের অভ্যুত্থানের পর এই নির্বাচন একটি নতুন সূচনা।

এনডিটিভি শিরোনাম করেছে, বাংলাদেশে ভোটের মধ্যেই ঢাকায় বিএনপি-জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ। তারা বলছে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ‘ফ্রন্ট রানার’ হিসেবে আর্ভিভূত হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ