খুলনা | শুক্রবার | ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | ০ ফাল্গুন ১৪৩২

সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির

খবর প্রতিবেদন |
০৩:৩৮ পি.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৬

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জাল-জালিয়াতির মাধ্যমে গঠিত সরকার জনগণের দুঃখ-দুর্দশা বোঝে না। আমরা চাই আগামীকাল থেকে দেশে ১৮ কোটি মানুষের সরকার কায়েম হোক।’ আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে দায়িত্বরত সশস্ত্র বাহিনীর কার্যক্রমের প্রশংসা করে আমির জামায়াত বলেন, এখন পর্যন্ত আমরা সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত সন্তোষজনক পেয়েছি। যেখানেই সমস্যা হয়েছে, খবর দেওয়ার সাথে সাথে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন। তারা যদি দিনশেষে এই নিষ্ঠা বজায় রাখেন, তবে জাতি একটি ভালো নির্বাচন উপহার পাবে।

সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান দেশের বিভিন্ন স্থানে ভোট গ্রহণে হস্তক্ষেপের অভিযোগ তোলেন। বিশেষ করে লাকসাম, ভোলার লালমোহন এবং ঢাকার কিছু কেন্দ্রে ভোটারদের বাধা দেওয়া এবং প্রিজাইডিং অফিসারের উপস্থিতিতে অনিয়মের খবর পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের একটি কেন্দ্রেও যদি অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়, তবে তা গ্রহণযোগ্য নয়। কিছু জায়গায় প্রিজাইডিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন বলে অভিযোগ পেয়েছি, যা আমরা খতিয়ে দেখছি।’

দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় মানুষ ভোট দিতে আসছেন। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জয়ের ব্যাপারে কতটি আসনে আশাবাদী—এমন প্রশ্নের জবাবে তিনি কৌশলী উত্তর দেন। তিনি বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট সংখ্যা বলব না। ভোট চলাকালীন সংখ্যা ঘোষণা করা ভোটারদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। তবে সারা দেশের যে খবর আমরা পাচ্ছি, জনগণ নতুন কোনো ফ্যাসিজমকে (স্বৈরতন্ত্র) গ্রহণ করবে না।’

নোয়াখালীর হাতিয়াসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ ও পোলিং এজেন্ট নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে তিনি বলেন, কিছু জায়গায় আমাদের কর্মীরা আক্রান্ত ও রক্তাক্ত হয়েছেন। তবে বড় ধরনের কোনো ভায়োলেন্স এখন পর্যন্ত হয়নি। একই বুথে একাধিক পোলিং এজেন্টের উপস্থিতিকে তিনি ‘স্থানান্তর বা শিফটিং’ সংক্রান্ত সাধারণ বিষয় হিসেবে অভিহিত করেন এবং এগুলোকে 'সিস্টেমেটিক' কোনো সমস্যা নয় বরং বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেন।

প্রিন্ট

আরও সংবাদ