খুলনা | শনিবার | ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | ১ ফাল্গুন ১৪৩২

ভেস্তে যাওয়ার শঙ্কায় ভারত-পাকিস্তান ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক |
০৬:৫৯ পি.এম | ১৩ ফেব্রুয়ারী ২০২৬

 

ক্রিকেটবিশ্বের অন্যতম আলোচিত দ্বৈরথ ভারত ও পাকিস্তান আবারও মুখোমুখি হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে ১৫ ফেব্রুয়ারির এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উচ্ছ্বাসের পাশাপাশি দেখা দিয়েছে নতুন দুশ্চিন্তা বৃষ্টি।

জিও টিভির আবহাওয়া–ভিত্তিক প্রতিবেদনে জানানো হয়েছে, কলম্বোতে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরুর কথা। কিন্তু সন্ধ্যা ৬টার পর থেকেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬৫ শতাংশ। ফলে খেলা বিলম্বিত হওয়া বা বিঘ্নিত হওয়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আইসিসির টি–টোয়েন্টি নিয়ম অনুযায়ী, ফল নির্ধারণের জন্য উভয় দলকে কমপক্ষে ৫ ওভার করে খেলতে হবে। ওভার কমে গেলে ডাকওয়ার্থ–লুইস–স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ফল নির্ধারণ করা হবে। তবে এটি গ্রুপপর্বের ম্যাচ হওয়ায় কোনো রিজার্ভ ডে নেই। সম্পূর্ণ ম্যাচ পরিত্যক্ত হলে দুই দল এক পয়েন্ট করে পাবে।

এই ম্যাচটি ঘিরে অনিশ্চয়তা অবশ্য নতুন নয়। বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে আপত্তি তুলে একপর্যায়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। পরে লাহোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামের উপস্থিতিতে পিসিবি ও আইসিসি প্রতিনিধিদের বৈঠকের পর ৯ ফেব্রুয়ারি সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটে, নিশ্চিত হয় বহুল প্রতীক্ষিত লড়াই।

‘এ’ গ্রুপে দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে রয়েছে ভারত। সমান সংখ্যক জয় পেয়েও নেট রানরেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান। ফলে ম্যাচটি কেবল মর্যাদার লড়াই নয়, গ্রুপসেরা হওয়ার দৌড়েও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

প্রিন্ট

আরও সংবাদ