খুলনা | শনিবার | ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | ১ ফাল্গুন ১৪৩২

অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণা-আলপিরা

ক্রীড়া প্রতিবেদক |
১১:৫৯ পি.এম | ১৩ ফেব্রুয়ারী ২০২৬


জাতীয় নির্বাচনের আবহের মধ্যেই নারী ফুটবল লিগের শেষ রাউন্ডে শিরোপা উৎসব করেছে রাজশাহী স্টারস। কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম-এ বাংলাদেশ সেনাবাহিনীকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ঋতুপর্ণা চাকমাদের দল। 
প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে তিন গোল করে জয় নিশ্চিত করে রাজশাহী। ১০ ম্যাচের ১০টিতেই জয় তুলে নিয়ে পূর্ণ ৩০ পয়েন্ট অর্জন করে তারা লিগ শেষ করেছে। শুক্রবার শেষ ম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত ছিল রাজশাহীর। তবে কোনো হিসাব-নিকাশে না গিয়ে জয় দিয়েই শিরোপা উদযাপন করতে চেয়েছিল দলটি। কারণ আজ হারলে পয়েন্ট সমান হয়ে যেত বাংলাদেশ সেনাবাহিনী ও ফরাশগঞ্জের সঙ্গে, তখন শিরোপা নির্ধারণে প্লে-অফের প্রয়োজন হতো। রাজশাহী সে সুযোগই দেয়নি প্রতিদ্ব›দ্বীদের। প্রথমার্ধে সেনাবাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তোলে। গোলরক্ষক মিলি আক্তারের কয়েকটি সেভ এবং রক্ষণভাগের দৃঢ়তায় রাজশাহীকে আটকে রাখা সম্ভব হয়। তবে বিরতির পর বদলে যায় চিত্র। ম্যাচের ৪৭ মিনিটে সৌরভী আকন্দ প্রীতির পাস থেকে আলপি আক্তার রাজশাহীকে এগিয়ে দেন। সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড ফাঁকা জায়গায় বল পেয়ে নিখুঁত প্লেসিংয়ে জালে পাঠান। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শাহেদা আক্তার রিপা। বাম প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার ক্রসে দারুণ ভলিতে গোল করেন তিনি। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে রিপার বাড়ানো বলে আলপির হেড থেকে বল পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে তৃতীয় গোলটি করেন ঋতুপর্ণা চাকমা। এরপর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি সেনাবাহিনী। জাতীয় দলের গোলরক্ষক রুপ্না চাকমাকে তেমন কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি তারা। এবারই প্রথম নারী ফুটবল লিগে অংশ নেয় রাজশাহী স্টারস। জাতীয় দলের একঝাঁক তারকা ও বিদেশি ফুটবলারদের নিয়ে গড়া দলটি শুরু থেকেই ছিল শিরোপার অন্যতম দাবিদার। ফরাশগঞ্জ ও সেনাবাহিনীর সঙ্গে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত কোনো জটিল সমীকরণে যেতে হয়নি। দশে দশ জয় তুলে নিয়ে রাজশাহী স্টারস প্রথমবারেই লিগ শিরোপা জয়ের স্বাদ পেল।

প্রিন্ট

আরও সংবাদ