খুলনা | শনিবার | ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | ১ ফাল্গুন ১৪৩২

সাধারণ মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের উচ্ছ্বাস

জয়ের পর সাধারণ মানুষের ভালোবাসা আর দোয়ায় সিক্ত বকুল

খবর বিজ্ঞপ্তি |
০১:৫২ এ.এম | ১৪ ফেব্রুয়ারী ২০২৬


নির্বাচনে জয়লাভের পর সাধারণ মানুষের ভালোবাসা আর দোয়ায় সিক্ত হলেন খুলনা-৩ আসনের নবনির্বাচিত প্রতিনিধি ও কেন্দ্রীয় বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। শুক্রবার পবিত্র জুম্মার নামাজ শেষে খুলনার খালিশপুরস্থ গোয়ালখালী মসজিদে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে কাছে পেয়ে সাধারণ মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেন।
দুপুর থেকেই গোয়ালখালী মসজিদ এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। রকিবুল ইসলাম বকুল নির্ধারিত সময়ে মসজিদে উপস্থিত হয়ে সাধারণ মুসল্লিদের সঙ্গে কাতারবন্দি হয়ে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে বিশেষ মোনাজাত করেন। মোনাজাত শেষ হতেই মসজিদের ভেতরে ও আঙিনায় উপস্থিত শত শত মানুষ তাকে অভিনন্দন জানাতে এগিয়ে আসেন।
এ সময় সাধারণ মানুষের মাঝে মিশে যান বকুল। তিনি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মুসল্লিদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কোলাকুলি করেন এবং বয়োজ্যেষ্ঠদের দোয়া ও সালাম গ্রহণ করেন। নির্বাচনের কঠিন লড়াইয়ের পর বিজয়ী প্রার্থীর এমন বিনয়ী ও সাধারণ উপস্থিতি উপস্থিত সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়।
এ সময় উপস্থিত মুসল্লিরা আবেগাপ্লুত হয়ে বলেন, রকিবুল ইসলাম বকুলের এই সহজ-সরল ও মিশুক আচরণই তাকে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে। যার প্রতিফলন ঘটেছে ব্যালট বাক্সে। তারা আরও বলেন, বকুল সবসময়ই জনগণের সুখে-দুঃখে পাশে ছিলেন এবং আজকের এই সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া প্রমাণ করে তিনি প্রকৃত অর্থেই জনগণের প্রতিনিধি।
উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কুশল বিনিময়ে রকিবুল ইসলাম বকুল বলেন, এই বিজয় আমার ব্যক্তিগত কোনো অর্জন নয়, বরং এটি খুলনা-৩ আসনের সর্বস্তরের মানুষের অধিকার পুনরুদ্ধারের বিজয়। আপনারা আমাকে যে আমানত দিয়েছেন, আমি যেন সারা জীবন আপনাদের পাশে থেকে সেই আমানত রক্ষা করতে পারি সেই দোয়া করবেন। তিনি আরও বলেন, নির্বাচনী লড়াই শেষ, এখন সময় সবাই মিলে এই এলাকাকে একটি আধুনিক ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার।
মসজিদ থেকে বের হওয়ার সময়ও রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ