খুলনা | রবিবার | ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | ২ ফাল্গুন ১৪৩২

কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতা

দোকান ভাঙচুর ও হামলার অভিযোগ, ১২ জনের নামে এজাহার

ঝিনাইদহ (কালীগঞ্জ) প্রতিনিধি |
০৫:২৫ পি.এম | ১৪ ফেব্রুয়ারী ২০২৬


ঝিনাইদহের কালীগঞ্জে দোকান ভাঙচুর, লুটপাট এবং এক দম্পতির ওপর হামলার অভিযোগে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাতঘরা গ্রামের মো. আতিকুর রহমান তার বোন মোছা. শাহিনা শামিল নদী ও দুলাভাই মো. মিজানুর রহমান রাসেলের ওপর হামলার ঘটনায় কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, মাজেদ শেখ, আব্দুল মান্না শেখ মনা, সাজু শেখ, খোকন শেখ, মো. ভুট্টা শেখ, মো. ফুরকান শেখ, রাব্বি শেখ, ইভন শেখ, আ. কাদের শেখ, তাজের শেখ, নাজের শেখ ও তাইজেল শেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে মঙ্গলপৈতা বাজারে শাহিনা শামিল (নদীর) স্বামী মিজানুর রহমান রাসেলের তিনটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করা হয়। পরদিন সকালে অভিযুক্তরা তার বাড়িতে ঢুকে গালিগালাজ ও মারধর করে। এতে মিজানুর রহমান রাসেল গুরুতর আহত হন এবং তার স্ত্রীকেও মারধর করে স্বর্ণের চেইন ও নগদ টাকা লুট করা হয়।

আহত মিজানুর রহমানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার স্ত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ