খুলনা | রবিবার | ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | ২ ফাল্গুন ১৪৩২

ওমানকে বিদায় করে বিশ্বকাপে আইরিশদের প্রথম জয়

ক্রীড়া প্রতিবেদক |
০৫:৩১ পি.এম | ১৪ ফেব্রুয়ারী ২০২৬


বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। ওমানকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। টানা ৩ ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে দলটির।

আয়ারল্যান্ডের ২৩৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওমান। উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহ গড়ার সুযোগ তৈরি হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।

দলকে লড়াইয়ে রাখার দায়িত্ব কাঁধে তুলে নেন আমির কালীম। ২৯ বলে ৫০ রানের ঝরঝরে ইনিংস খেলেন তিনি। পাঁচটি চার ও দুটি ছক্কায় সাজানো তার ইনিংসটি ওমানকে দ্রুতগতির শুরু এনে দেয়। তবে অপর প্রান্তে সেভাবে সঙ্গ পাননি তিনি।

অধিনায়ক যতিন্দর সিং ৫ বলে ৭ রান করে এলবিডব্লিউ হন। আশিস ওদেদারা রানআউটে মাত্র ১ রান করে বিদায় নেন। এরপর হামাদ মির্জা কিছুটা প্রতিরোধ গড়েন। ৩৭ বলে ৪৬ রানের ইনিংসে ছয়টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি।

মাঝের দিকে নেমে ভিনায়ক শুক্লা শূন্য রানে আউট হন। মোহাম্মদ নাদিম ৩ বলে ১ এবং জিতেন রামানন্দি ৬ বলে ৩ রান করে ফিরলে চাপ আরও বাড়ে। নাদিম খানও রানের খাতা খুলতে পারেননি। শেষদিকে সুফিয়ান মেহমুদ ১১ বলে ১০ রান যোগ করলেও ম্যাচের চিত্র বদলাতে পারেননি।

আইরিশ বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে নিয়মিত উইকেট তুলে নেন। ক্যাচ, রানআউট ও এলবিডব্লিউ সব মিলিয়ে ওমানের ইনিংসে ছন্দপতন ঘটে বারবার।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ওমান গড়ে তুলতে পারেনি বড় কোনো জুটি। আমির কলিম ও হামাদ মির্জার লড়াই সত্ত্বেও রান তাড়া অধরাই থেকে যায়।

এদিকে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওমান। কলম্বোয় ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই আউট হন ওপেনার টিম টেক্টর। ৪ বলে ৫ রান করে দলীয় ৬ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি।

প্রথম উইকেটের পর ক্রিজে জুটি গড়েন রস অ্যাডেয়ার ও হ্যারি টেক্টর। দুজনেই দ্রুত রান তোলার চেষ্টা করেন। তবে তাদের জুটি বড় হয়নি। ৭ বলে ১৪ রান করে আউট হন রস অ্যাডেয়ার, ১৩ বলে ১৪ রান করে বিদায় নেন হ্যারি। পাওয়ারপ্লের ৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।

পাওয়ার প্লের পরপরই ৭ বলে ১২ রান করা কার্টিস ক্যাম্পায়ার আউট হলে কিছুটা চাপে পড়ে দলটি। এরপর হাল ধরেন লোরকান টাকার ও গ্যারেথ ডেলানি। দুজন মিলে ইনিংস মেরামত করেন এবং ধীরে ধীরে রানের গতি বাড়ান। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে ওঠেন তারা, ওমানের বোলারদের ওপর চাপ বাড়তে থাকে।

দুজনেই তুলে নেন অর্ধশতক। বিশেষ করে টাকার ছিলেন দুর্দান্ত ছন্দে। ফিফটির পর শতকের দিকেও এগোচ্ছিলেন তিনি। অন্য প্রান্তে ডিলানি ৩০ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলীয় ১৬৫ রানের সময় আউট হন।

শেষদিকে টাকারের সঙ্গে যোগ দেন জর্জ ডকরেল। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত বাড়তে থাকে রানের গতি। বড় শটে স্কোর ২০০ পেরিয়ে যায় অনায়াসে। শতকের খুব কাছাকাছি গিয়েও তিন অঙ্ক ছোঁয়া হয়নি টাকারের। ৫১ বলে ৯৪ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। শেষদিকে ৯ বলে ৩৫ রানের ঝড় তোলেন ডকরেল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড।

ওমানের হয়ে ৩টি উইকেট নেন শাকিল আহমেদ। তবে তার সাফল্যও আয়ারল্যান্ডের রানের বন্যা ও জয় থামাতে পারেনি।   

প্রিন্ট

আরও সংবাদ