খুলনা | রবিবার | ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | ২ ফাল্গুন ১৪৩২

নতুন এমপিদের শপথ মঙ্গলবার সকালে

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ সংসদের দক্ষিণ প্লাজায়, শপথ পড়াবেন রাষ্ট্রপতি

খবর প্রতিবেদন |
১০:০৫ পি.এম | ১৪ ফেব্রুয়ারী ২০২৬


প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামী মঙ্গলবার বিকালে তাদের শপথবাক্য পাঠ করাবেন। বরাবর এ শপথ অনুষ্ঠান হয় বঙ্গভবনের দরবার হলে। এ রীতি ভেঙে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হতে চলেছে। সরকারের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
একই দিনে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সকাল সাড়ে ১০টায় নতুন এমপিদের শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
শপথ পড়াবেন রাষ্ট্রপতি : মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। 
সাপ্তাহিক ছুটির দিন শনিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে আনুমানিক এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর তাদের শপথের আয়োজন করবে জাতীয় সংসদ সচিবালয়। সংসদ সদস্যদের শপথের পর নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করতে চলেছে। ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জোট এবার ২১২টি আসনে বিজয় অর্জন করেছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধীদল হতে চলেছে জামায়াতে ইসলামী।

প্রিন্ট

আরও সংবাদ