খুলনা | রবিবার | ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | ২ ফাল্গুন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ ছিন্ন-ভিন্ন দুই মরদেহ ১১ ঘণ্টা পর উদ্ধার

খবর প্রতিবেদন |
০১:৩৩ এ.এম | ১৫ ফেব্রুয়ারী ২০২৬


চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে ছিন্ন-ভিন্ন দু’জনের মরদেহ প্রায় ১১ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর ৫টায় বিস্ফোরণে নিহতের পর বিকেল ৪টায় সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় মকবুল হোসেনের ছেলে আবুল কালাম ওরফে কালুর বাড়ি থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
দীর্ঘ সময় পর ঘটনায় নিহত দুইজনের পরিচয় নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।
নিহতরা হলেন সদর উপজেলার রাণিহাটি ইউনিয়নের উপর ধুমিহায়াতপুর এলাকার মোয়াজ্জেমের ছেলে আলামিন (২০) এবং শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোথানিপাড়ার মনিরুল ইসলামের ছেলে জিহাদ (২২)। এছাড়া আহত তিনজন হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামের জেনারুল ইসলামের ছেলে মিনহাজ (২২), নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান (২০) ও রাণিহাটি ইউনিয়নের উপর ধুমিহায়াতপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শুভ (২০)।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, নিহতরা বোমা তৈরির কারিগর হিসেবে অন্য এলাকা থেকে তারা এসেছিল। তাদের দু’জনের ডান হাতের কবজি উড়ে যায় এবং তাদের পুরো শরীর পুড়ে অঙ্গার হয়ে যায়। শনিবার দুপুরে ঘটনাস্থলে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ক্রাইম সিনের একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছে আলামত সংগ্রহ শেষে বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে নেয়া হয়। পুরো এলাকা এখন থমথমে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি বলেন, গুরুতর আহত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের বিষয়ে নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, নিহতদের পরিচয় শনাক্তের জন্য পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মর্গে থাকা মরদেহ শনাক্তে পরিবারের কেউ আসেনি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ