খুলনা | রবিবার | ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | ২ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে

নির্বাচনের সময় কোনো সংখ্যালঘু গোষ্ঠী আক্রান্ত হয়নি : কমনওয়েলথ

খবর প্রতিবেদন |
০১:৩৪ এ.এম | ১৫ ফেব্রুয়ারী ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সংখ্যালঘু স¤প্রদায়ের ভোটারদের ওপর কোনো নির্দিষ্ট আক্রমণ বা দমনের ঘটনা দেখা যায়নি। 
শনিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন কমনওয়েলথ পর্যবেক্ষক দলের চেয়ার ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আডো।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পর্যবেক্ষক দলের কাছে কোনো সরাসরি রিপোর্ট পাওয়া যায়নি যে, কোনো সংখ্যালঘু গোষ্ঠী নির্বাচনের সময় আক্রান্ত হয়েছে। তবে আমরা লক্ষ্য করেছি, কিছু অঞ্চলে সংখ্যালঘু ভোটার উপস্থিতির হার কম ছিল এবং বিভিন্ন স¤প্রদায়ের ভোটাররা তাদের উদ্বেগ প্রকাশ করেছে। এটি আমাদের চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।’
বাংলাদেশে অনুষ্ঠিত সা¤প্রতিক নির্বাচনটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে বলে উল্লেখ করে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান বলেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক নির্বাচন হয়েছে, যা গণতন্ত্রের মানদণ্ডে উত্তীর্ণ। তিনি নির্বাচনী পরিবেশকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
তবে ব্রিফিংয়ে তিনি নির্বাচনে নারীদের অংশগ্রহণের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আকুফো-আদ্দো জানান, মাত্র ৪ শতাংশ নারী ভোটকেন্দ্রে অংশগ্রহণ করেছেন, যা মোটেও প্রত্যাশিত নয়। পাশাপাশি নারীরা অনলাইনে বিভিন্ন ধরনের হেনস্তার শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
ইতিবাচক দিক হিসেবে পর্যবেক্ষক দল তরুণ ভোটারদের অংশগ্রহণকে আশাব্যঞ্জক বলে উল্লেখ করে। এছাড়া গণভোটে অংশগ্রহণের হারও ইতিবাচক ছিল বলে তারা জানান।
নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করে আকুফো-আদ্দো বলেন, নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো ছিল। স্থানীয় গণমাধ্যম অত্যন্ত সক্রিয় ছিল এবং তারা অসাধারণ ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, ভোটের দিনটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। নির্ধারিত সময়ের আগেই ব্যালট বাক্স পোলিং স্টেশনে পৌঁছেছিল এবং নির্বাচনী কর্মকর্তাদের অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে দেখা গেছে।
কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল তাদের বিবৃতিতে জানায়, এই গণভোটের ফলাফল ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বাধ্যবাধকতা সৃষ্টি করেছে। পর্যবেক্ষক দলের প্রধান নতুন সরকারকে জুলাই সনদের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণের আহŸান জানান।

প্রিন্ট

আরও সংবাদ