খুলনা | সোমবার | ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | ৩ ফাল্গুন ১৪৩২

কাল সকাল ১০টায় এমপিদের বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ * ভারত, পাকিস্তান, চীনসহ ১৩টি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানকে আমন্ত্রণ

রাত পোহালে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ

খবর ডেস্ক |
০১:১২ এ.এম | ১৬ ফেব্রুয়ারী ২০২৬


রাত পোহালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার শপথ আগামীকাল। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার সকালে নতুন সংসদ সদস্যদের (এমপি) শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে। শপথ অনুষ্ঠান আয়োজনে সার্বিক প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 
সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন হলেও এবার তার ব্যতিক্রম হচ্ছে। প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে মন্ত্রিসভার শপথ গ্রহণের অনুষ্ঠান।
জাতীয় সংসদ ভবনে সরকার আর বিরোধীদল মুখোমুখি হত যুক্তি-তর্কে, নীতির লড়াইয়ে, জনস্বার্থের প্রশ্নে। তর্ক থাকত, মতভেদ থাকত, কিন্তু সেই বিতর্কই গণতন্ত্রের প্রাণসঞ্চার করত। বহু বছর ধরে একপেশে কার্যক্রমের অভিযোগে যে সংসদ সমালোচনার মুখে ছিল, সেখানে আজ শোনা যাচ্ছে নতুন সূচনার প্রত্যাশা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে মঙ্গলবার। 
এই শপথ অনুষ্ঠানে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই শপথ বাক্য পাঠ করাবেন বলে ধারণা করা হচ্ছে। এরপর বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের প্রধান (সংসদ নেতা) নির্বাচিত করবে। সবশেষে বিকেল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি এই শপথ বাক্য পাঠ করাবেন।
কেন বঙ্গভবনের বদলে সংসদের দক্ষিণ প্লাজাকে বেছে নেওয়া হলো-এমন প্রশ্নে আসিফ নজরুল বলেন, ‘জুলাইয়ের ছাত্র-জনতার যে অভ্যুত্থান এবং বিপুল আত্মত্যাগের বিনিময়ে আমরা এই সংসদ পেয়েছি, তার গুরুত্ব অন্য সব সংসদের থেকে আলাদা। এই সংসদ প্রাঙ্গণেই “জুলাই ঘোষণা” ও “জুলাই সনদ”-এর মতো ঐতিহাসিক অনুষ্ঠানগুলো হয়েছে। এ ছাড়া এখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা এবং শহীদ ওসমান হাদির স্মৃতি জড়িয়ে আছে। জুলাই অভ্যুত্থানের বিভিন্ন ডকুমেন্টেশন প্রকাশের কেন্দ্রও হয়ে দাঁড়িয়েছিল এই সংসদ। এসব আবেগ ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে বিএনপি’র প্রস্তাব অনুযায়ী এটি সংসদ ভবনেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতির বিষয়ে আসিফ নজরুল জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের আমন্ত্রণ জানানোর খবর তিনি মিটিংয়ে শুনেছেন। তবে কোনো দেশের প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থাকছেন কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য তার কাছে নেই।
এর আগে একই দিন সকাল ১০টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন প্রাঙ্গণে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিস্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্য বর্ধনের ব্যস্ততা।
সার্বিক প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগও। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে দেশি-বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানোসহ অনুষ্ঠান নির্বিঘœ করতে তৎপর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, শপথ অনুষ্ঠানে এরই মধ্যে ভারত, পাকিস্তান, চীনসহ ১৩টি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্র্বতী সরকার। আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্র“নেই, শ্রীলঙ্কা, নেপাল, মাল্লীপ ও ভুটান।
নির্ধারিত সময়ে শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে বলে মুঠোফোনে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। তিনি জানান, নেয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও।
এদিকে, সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপি’র কাছে প্রত্যাশা বেড়েছে সাধারণ মানুষের। দেশকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাখতে পারবে এমন মন্ত্রিসভা প্রত্যাশা তাদের। সেইসঙ্গে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা চান তারা।
শপথ অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে ডাক পাওয়া ব্যক্তিদেরকে বহন করতে পরিবহন পুলের পক্ষ থেকে ৪৫টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

প্রিন্ট

আরও সংবাদ