খুলনা | সোমবার | ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | ৩ ফাল্গুন ১৪৩২

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি, অস্ত্রোপচার

খবর বিনোদন |
০১:১৬ এ.এম | ১৬ ফেব্রুয়ারী ২০২৬


ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার হয়েছে।  এর আগে গত শুক্রবার ফেসবুকে এক পোস্টে অসুস্থতার খবর জানিয়ে ভক্তদের কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী। 
তানিয়া বৃষ্টি লেখেন ‘আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এ মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন। অনুরোধ করছি শুটিং বা কাজ-সংক্রান্ত বিষয়ে আপাতত ফোনকল/খুদে বার্তা দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশাআল্লাহ নিজে থেকেই সবাইকে জানানো হবে।  আপনাদের দোয়া ও ভালোবাসাই এখন সবচেয়ে বড় শক্তি’।
এরপর শনিবার আরেক পোস্টে তিনি লিখেছেন, ‘ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমার পরিবারের পক্ষ থেকে ফুল। ভালোবাসি। কাল (রোববার) আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।’
জানা গেছে, গতকাল বিকেলে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির মাথায় অস্ত্রোপচার করা হয়। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অপারেশন করা হয়েছে। অপারেশন সফল হয়েছে।
নির্মাতা সকাল আহমেদ জানিয়েছেন, বিকেল সাড়ে ৪টায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার শুরু হয়, রাত সাড়ে ৮টার দিকে শেষ হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, অভিনেত্রীর অস্ত্রোপচার সফল হয়েছে। তাঁকে পোস্ট অপারেটিভ ইউনিটে রাখা হয়েছে। তাঁর জ্ঞান ফিরেছে। আগামীকাল (সোমবার) চিকিৎসকদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে অভিনেত্রীকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।
পরিচালক সকাল আহমেদ বলেন, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তানিয়া। কখনো তীব্র মাথাব্যথা অনুভব করতেন, কখনোবা জ্বর-ঠান্ডা লেগে থাকত তার। কিন্তু খুব একটা পাত্তা দেননি। কয়েক দিন আগে পরিস্থিতি একটু খারাপ হলে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, তানিয়া ব্রেন টিউমারে আক্রান্ত।
তিনি আরও জানান, ঢাকার উত্তরার একটি হাসপাতাল থেকে পরে তানিয়া বৃষ্টিকে আরেকটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রোববার বিকেল চারটায় তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়। 
জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তানিয়া বৃষ্টি। প্রায়ই তীব্র মাথা ব্যথা অনুভব করতেন, জ্বর-ঠান্ডা লেগে থাকত। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ব্রেন টিউমার ধরা পড়ে।

প্রিন্ট

আরও সংবাদ