খুলনা | সোমবার | ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | ৩ ফাল্গুন ১৪৩২

ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম নাম রাখা হলো ‘খালেদা’

খবর প্রতিবেদন |
০১:২০ এ.এম | ১৬ ফেব্রুয়ারী ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামে ভোটকেন্দ্রে কন্যাসন্তানের জন্মের ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন তুলেছিল। সেদিন সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রসব বেদনা অনূভব করেন এক গর্ভবতী মা। পরে সেখানেই জন্ম নেয় নবজাতক কন্যাশিশু। প্রয়াত প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে শিশুটির নাম রাখা হয় ‘খালেদা’। ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করে।
জানা যায়, উপজেলার বেঙনাই পশ্চিমপাড়া গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন (৩৫) ভোট দিতে এসে লাইনে দাঁড়ান। সেখানে প্রসব বেদনা অনুভব করলে ভোটকেন্দ্রেই জন্ম নেয় সেই কন্যাশিশু। 
রোববার বিকেলে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বেঙনাই গ্রামে নবজাতকের বাড়িতে যান। তিনি শিশুর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রসূতি মা ও নবজাতকের জন্য নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেন। পাশাপাশি মায়ের হাতে বাঁধাই করা একটি ইউনিক নম্বর সম্বলিত জন্মসনদও তুলে দেওয়া হয়। 
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, একটি প্রত্যন্ত গ্রামে ভোট দিতে এসে এক গর্ভবতী মা সন্তানের জন্ম দিয়েছেন। এটি প্রমাণ করে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগে অংশ নিয়েছেন। এই ঘটনা যেমন আলোড়ন সৃষ্টি করেছে, তেমনি এটি ইতিহাসের অংশ হয়ে থাকবে।
 

প্রিন্ট

আরও সংবাদ