খুলনা | সোমবার | ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | ৩ ফাল্গুন ১৪৩২

আসামি ধরে ফেরার পথে পুলিশ কনস্টেবল নিহত

খবর প্রতিবেদন |
০১:৩৬ এ.এম | ১৬ ফেব্রুয়ারী ২০২৬


কিশোরগঞ্জের হোসেনপুরে আসামি গ্রেফতার করে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৫০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নজরুল ইসলাম হোসেনপুর থানায় কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদাশিমুল গ্রামের মৃত জামাল বাদশাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে গোবিন্দপুর ইউনিয়নের পদোরগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের একটি দল একজন আসামিকে গ্রেফতার করে সিএনজি অটোরিকশাযোগে থানায় ফিরছিলেন। পথে হোসেনপুর-নান্দাইল সড়কে বিপরীত দিক থেকে আসা জলসিঁড়ি পরিবহণের একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা কনস্টেবল নজরুল ইসলাম গুরুতর আহত হন।
দুর্ঘটনায় আরও আহত হন পিএসআই মৃদুল হাসান, এএসআই ফজলুর রহমান, কনস্টেবল মাহফুজুল হক মৃধা, সিএনজিচালক এবং গ্রেফতার করা আসামি ফিরোজ মিয়া। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কনস্টেবল নজরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় চিকিৎসা চললেও রোববার বেলা ১১টার দিকে তিনি মারা যান।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজি অটোরিকশায় থাকা কনস্টেবল নজরুল ইসলাম গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এছাড়া সিএনজিচালক, গ্রেফতার আসামিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি জানান, বাসটি এখনো আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ