খুলনা | মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | ৪ ফাল্গুন ১৪৩২

আফগানিস্তানের জয়ে সুপার এইটে সাউথ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক |
০৫:০০ পি.এম | ১৬ ফেব্রুয়ারী ২০২৬


প্রথম দুই ম্যাচে হারের ধাক্কায় আফগানিস্তানের সুপার এইটে ওঠার আশা প্রায় নিভে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার লক্ষ্য ছিল আফগানিস্তানের। তারা সোমবার সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে। যা এবারের বিশ্বকাপে আফগানদের প্রথম জয়।

আফগানিস্তানের জয়ে সুবিধাই হয়েছে সাউথ আফ্রিকার। তারা 'ডি' গ্রুপ থেকে সুপার এইটে নাম লিখিয়েছে। টসে হেরে আগে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাত ৯ উইকেটে তোলে ১৬০ রান। শোয়াইব খান খেলেন ৬৮ রানের দায়িত্বশীল ইনিংস, আলিশান শরাফু যোগ করেন ৪০। তৃতীয় উইকেটে এই দুজনের ৮৪ রানের জুটিই ছিল ইনিংসের ভিত্তি।

আফগানিস্তানের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আজমতউল্লাহ ওমরজাই। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। অধিনায়ক রশিদ খান নিয়েছেন ২৪ রানে ১ উইকেট। ১৫তম ওভারে মুহাম্মাদ আফরানকে হিট উইকেটে ফেরানোর মাধ্যমে রশিদ ৭০০ উইকেটের মাইলফলকে পৌঁছে যান।

১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই রহমানউল্লাহ গুরবাজকে হারায় আফগানিস্তান। তবে ইব্রাহীম জাদরান ও ওমরজাইয়ের দৃঢ়তায় আর পেছনে তাকাতে হয়নি। জাদরান ৪১ বলে করেন ৫৩ রান। আর ওমরজাই ২১ বলে অপরাজিত ৪০ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

তিন ম্যাচ শেষে আফগানিস্তানের পয়েন্ট এখন ২। সমান ম্যাচে ২ পয়েন্ট সংযুক্ত আরব আমিরাতেরও। অন্যদিকে নিউজিল্যান্ডের ঝুলিতে ৩ ম্যাচে ৪ পয়েন্ট, আর সাউথ আফ্রিকার ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট। গ্রুপে দুটির বেশি দলের ৬ পয়েন্ট পাওয়ার সুযোগ না থাকায় সাউথ আফ্রিকার সুপার এইট নিশ্চিত হয়েছে এরই মধ্যে।

প্রিন্ট

আরও সংবাদ