খুলনা | মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | ৪ ফাল্গুন ১৪৩২

বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসছেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী

খবর প্রতিবেদন |
০৭:০৩ পি.এম | ১৬ ফেব্রুয়ারী ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপি। আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে। এই শপথগ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র দফতর (এফও) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য বিএনপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পূর্ব নির্ধারিত সূচি অনুসারে ব্যস্ততার কারণে ঢাকায় উপস্থিত থাকতে পারবেন না। তবে অনুষ্ঠানে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ইসলামাবাদের সমর্থনকে প্রতিফলিত করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা গভীর করার প্রতিশ্রুতিকে তুলে ধরবেন তিনি।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানায় অন্তর্বর্তী সরকার। তবে ১৭ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতে আসবেন। ওইদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর বৈঠকের কথা আছে। ম্যাক্রোঁ পরবর্তীতে দেশটির রাজধানী নয়াদিল্লিতে এআই ইমপেক্ট সম্মেলনে অংশ নেবেন। তিনি ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করে নিজ দেশে ফিরে যাবেন। ফলে ভারতের প্রতিনিধি হিসেবে অংশ ঢাকায় আসবে দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

প্রসঙ্গত, আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টায় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রায় ১২শ’ দেশি-বিদেশি অতিথির উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে আরও রয়েছেন- ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসার-এর উপস্থিত থাকার সম্ভাবনার কথা জানা গেছে। এছড়াও যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রারও অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ