খুলনা | মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | ৪ ফাল্গুন ১৪৩২

ঝিনাইদহে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে পদ হারালেন বিএনপি’র চার নেতা

ঝিনাইদহ প্রতিনিধি |
১১:০৭ পি.এম | ১৬ ফেব্রুয়ারী ২০২৬


কর্মী-সমর্থকদের নিয়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে পদ হারিয়েছেন বিএনপি’র চার নেতা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে।
বিএনপি’র ঘাঁটি হিসেবে পরিচিত ঝিনাইদহ জেলায় এবারের নির্বাচনে জামায়াতের উত্থান হয়েছে। জেলার চারটি সংসদীয় আসনের তিনটিতেই জিতেছে দাঁড়িপাল্লার প্রার্থীরা। ঝিনাইদহ সদর উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের চার নেতাকে অব্যাহতির তথ্য জানিয়েছেন।
অব্যাহতি প্রাপ্তরা হলেন, সদর উপজেলার দোগাছি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কালীচরণপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সাজেদুর রহমান মন্টু, কালীচরণপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ওলিয়ার রহমান মঞ্জু মাস্টার ও সাধুহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আতিয়ার বিশ্বাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্যসহ দলের সকল পদ থেকে সদর উপজেলা বিএনপি’র সভাপতি এড. কামাল আজাদ পান্নু ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমের নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হইল।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর উপজেলা বিএনপি’র সভাপতি কামাল আজাদ পান্নু জানান দলীয় নেতৃত্ব না মেনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বহিস্কৃতরা জামায়াত প্রার্থীর পক্ষে ভোট করেছেন।
ঝিনাইদহ-২ আসনে (সদর ও হরিণাকুন্ডু) জামায়াতে ইসলামীর আলী আজম মোঃ আবু বক্কর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৯৫ হাজার ৭০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী জেলা বিএনপি’র সভাপতি এম এ মজিদ ১ লাখ ৭৫ হাজার ৯৮৪ ভোট পেয়েছেন। 
স্থানীয় রাজনৈতিক নেতারা বলছেন, ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জেলার চারটি আসনের সবকটি বিএনপি’র দখলে ছিল। শুধু ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ২০০১ সালে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হাই ৩৩৫ ভোটে বিএনপি’র প্রার্থী আব্দুল ওহাবকে পরাজিত করে নির্বাচিত হয়েছিলেন। এবার দলীয় কোন্দলের কারণে তিনটি আসনে পরাজিত হয়েছেন বিএনপি’র প্রার্থীরা। ঝিনাইদহ-১ আসনে জয়ী হয়েছেন বিএনপি’র প্রার্থী মোঃ আসাদুজ্জামান।

প্রিন্ট

আরও সংবাদ