খুলনা | মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | ৪ ফাল্গুন ১৪৩২

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খবর প্রতিবেদন |
০১:০৯ এ.এম | ১৭ ফেব্রুয়ারী ২০২৬


নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লিটন সরকার নামে এক স্কুল শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত ২৯ জানুয়ারি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় প্রলোভন ও চাপ প্রয়োগ করে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও ধারণ করা হয় এবং স¤প্রতি সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় আলোচনায় আসে। ভিডিও ছড়িয়ে পড়ার পর সোমবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককে আটক করে মারধর করে এবং তার শাস্তি ও বহিষ্কারের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে থানায় নিয়ে যায়।
তবে অভিযুক্ত শিক্ষক দাবি করেন, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক ব্যক্তি তার কাছ থেকে লক্ষাধিক টাকা আদায় করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহিমা আক্তার জানান, তিনি স্কুলে এসে শিক্ষার্থীদের কাছে ঘটনাটি জানতে পারেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। পরে পুলিশ এসে শিক্ষককে নিয়ে যায়।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, পুলিশ অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে এসেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ