খুলনা | বুধবার | ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | ৫ ফাল্গুন ১৪৩২

কলকাতায় আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেফতার

খবর প্রতিবেদন |
১১:৩৭ পি.এম | ১৭ ফেব্রুয়ারী ২০২৬

 

মেয়াদোত্তীর্ণ মেডিকেল ভিসায় ভারতের অবস্থানের অভিযোগে ছয় বাংলাদেশিকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ। গ্রেফতার বাংলাদেশিরা সকলেই নিজেদের আওয়ামী লীগের নেতা-কর্মী পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও পার্কস্ট্রিটের এক হোটেলে ঘর ভাড়া নিয়ে থাকছে ৬ বাংলাদেশি যুবক— গোপন সূত্রে এমন খবরে গত রোববার (১৫ ফেব্রুয়ারি) ওই হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে এবং সবার কাছ থেকেই বৈধ বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাকৃতদের নাম— আজম মোল্লা, আবির হোসেন, মোহাম্মদ মামুন রশিদ, মোহাম্মদ আলিমুন গাজী, ফয়জল আমিন ও জায়দুল ইসলাম। এরমধ্যে আজম মোল্লা নামে একজন নিজেকে বাংলাদেশি গায়ক হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি কলকাতায় বিভিন্ন পরিচিত মহলে গান গেয়ে আয়ের চেষ্টা করছিলেন বলেও জানান।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে গ্রেফতাকৃত বাংলাদেশিরা দাবি করেছেন- তারা সবাই নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে আক্রমণে শিকার হওয়ার ভয়ে মেডিকেল ভিসা নিয়ে ভারতে পালিয়ে এসেছিলেন তারা। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মেডিকেল ভিসা সংগ্রহ করেছিলেন। তবে গত নভেম্বরে থেকে জানুয়ারির মধ্যে তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও ভয়ে দেশে ফেরেননি তারা। শুধু তাই নয় কলকাতা থেকে অন্য দেশে গিয়ে কাজের পরিকল্পনা করছিলেন তারা।

কলকাতা পুলিশ আরও জানিয়েছে, গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) গ্রেফতার ছয় বাংলাদেশিকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাদের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। দণ্ডভোগ শেষে নিয়ম অনুযায়ী তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর (পুশ-ব্যাক) প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানায় পুলিশ। 
সূত্র: হিন্দুস্তান টাইমস

প্রিন্ট

আরও সংবাদ