খুলনা | বুধবার | ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | ৫ ফাল্গুন ১৪৩২

আইন মন্ত্রণালয়ে আসাদুজ্জামান, প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রী পেল ঝিনাইদহবাসী

ঝিনাইদহ প্রতিনিধি |
০১:২৮ এ.এম | ১৮ ফেব্রুয়ারী ২০২৬


ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী এড. মোঃ আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
আসাদুজ্জামানের হাত ধরে স্বাধীনতার পর এই প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রী পেল ঝিনাইদহবাসী। আইনমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় জেলায় আনন্দের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন তাঁকে অভিনন্দন জানিয়েছে।
এর আগে ঝিনাইদহ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আব্দুল হাই প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রয়াত এই নেতাও ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং মৎস্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এর বাইরে ঝিনাইদহের সন্তান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল মান্নান সিদ্দিকী এরশাদ সরকারের প্রতিমন্ত্রী ছিলেন। 
বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামানকে জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি দেশের ১৭তম এ্যাটর্নি জেনারেলের ওই পদ থেকে ইস্তফা দেন। পরে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করেন।
১৯৭১ সালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন আসাদুজ্জামান। তাঁর বাবা শেখ মোঃ ইসরাইল হোসেন এবং মা বেগম রোকেয়া। নিজ জেলায় শিক্ষাজীবন শুরু করে তিনি ১৯৮৭ সালে যশোর শিক্ষা বোর্ড থেকে এসএসসি এবং ১৯৮৯ সালে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত আসাদুজ্জামান জাসদের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ১৯৯৪ সালে জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে জাসদের রাজনীতি থেকে সরে আসেন আসাদুজ্জামান।
১৯৯৫ সালে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন আসাদুজ্জামান। ১৯৯৬ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি পান এবং ১৯৯৭ সালে সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সদস্য হন। ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
পেশাজীবনের শুরুতে আসাদুজ্জামান তৎকালীন আইনজীবী ও পরে বিচারপতি নিজামুল হক নাসিমের সঙ্গে কাজ করেন। ১৯৯৮ সালে ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র হিসেবে যোগ দিয়ে দীর্ঘদিন তাঁর ল’ চেম্বারে কাজ করেন। 
আসাদুজ্জামান মানবাধিকার বিষয়ক ছাড়াও বিএনপি’র প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করে তিনি নৌকার আব্দুল হাইয়ের কাছে হেরে যান। 
স্বাধীনতার পর ১৯৮৬ সালের সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে বিজয়ী হন আওয়ামী লীগের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান। এরপর ১৯৯১ সাল থেকে বিএনপি’র আব্দুল ওহাব তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন পর ২০০১ সাল আসনটি আওয়ামী লীগ আব্দুল হাইয়ের মাধ্যমে পুনরুদ্ধার করে। ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন পর্যন্ত দলটির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
এদিকে  আসাদুজ্জামান মন্ত্রী হওয়ায় তার নির্বাচনী এলাকা ঝিনাইদহ-১ (শৈলকুপায়) আসনে  আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সাধারণ মানুষসহ সমর্থকরা। বিকেলে সবাই অপেক্ষায় ছিলেন মন্ত্রী পরিষদের শপথ ঘিরে। শপথ অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সচিবের মুখে আইন  মন্ত্রী হিসাবে  মোঃ আসাদুজ্জামানের নাম উচ্চারিত হতেই আনন্দে ফেটে পড়ে নির্বাচনী এলাকার মানুষ। তারা সংসদ সদস্য আসাদুজ্জামানকে মন্ত্রী হিসাবে স্বাগত জানিয়ে মিছিল ও  মিষ্টি বিতরণ করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের অনেকে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উপজেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক এমদাদুল হক আকুল, পৌর বিএনপি’র সহ-সভাপতি বাকিবুল ইসলাম বকুল, উপজেলা ছাত্রদলে সদস্য সচিব আল আমিন বিশ্বাস, পৌর যুবদলের সদস্য সচিব আজিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিনুর রহমান সহ আরো অনেকে। স্থানীয় নেতারা জানান, এই মুহূর্তে নির্বাচনী এলাকার অনেক নেতাকর্মী ঢাকা থাকলেও এলাকার সাধারণ মানুষ ও স্থানীয়রা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।         

প্রিন্ট

আরও সংবাদ