খুলনা | বুধবার | ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | ৫ ফাল্গুন ১৪৩২

কুয়েট ভিসির বিরুদ্ধে ব্যানার ও ফেসবুক লাইভ, কর্মচারীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক |
০২:১১ এ.এম | ১৮ ফেব্রুয়ারী ২০২৬


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী বিরুদ্ধে অশোভন বক্তব্য সম্বলিত ব্যানার প্রদর্শন ও ফেসবুক লাইভে প্রচারের অভিযোগে এক কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে। অভিযুক্ত কর্মচারীর নাম মোঃ ইমদাদুল হক। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার রেজিস্ট্রার দপ্তরের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। গত ১৬ ফেব্র“য়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক চিঠিতে এই শোকজ করা হয়।
রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্র“য়ারি ২০২৬ তারিখে নির্বাচন পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ভিসির ছবি সম্বলিত একটি ব্যানার টানান ইমদাদুল হক। সেখানে তিনি ভিসির বিরুদ্ধে ‘অসৌজন্যমূলক’ ও ‘মানহানিকর’ বক্তব্য প্রদান করেন এবং পুরো বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ প্রচার করেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমদাদুল হকের এই কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ২য় সংবিধির বিধি ৩ এর উপবিধি (২১) অনুযায়ী 'অসদাচরণ' এবং শাস্তিযোগ্য অপরাধ। তিনি এই কাজ স্বেচ্ছায় করেছেন নাকি কারও প্ররোচনায় করেছেন, তা স্পষ্ট করতে বলা হয়েছে।নোটিশে উল্লেখ করা হয়, কেন তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তার উপযুক্ত ব্যাখ্যা আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে দাখিল করতে হবে। 
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী যেকোনো কাজের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। চিঠির অনুলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ