খুলনা | বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | ৬ ফাল্গুন ১৪৩২

আজ থেকে স্কুলে রমজানের ছুটি

খবর প্রতিবেদন |
০১:০৬ এ.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


‎ছুটি নিয়ে নানা নাটকীয়তার পর পবিত্র রমজান মাসের পুরোটাই সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন।
‎‎বুধবার রাতে এ সিদ্ধান্ত জানিয়ে সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এই তালিকা অনুযায়ী, পবিত্র রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্র“য়ারি) থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত বিদ্যালয়ে ছুটি থাকবে।
‎‎আগের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৮ মার্চ থেকে প্রতিষ্ঠানগুলোতে রমজান ও ঈদুল ফিতরের ছুটির কথা ছিল।
এর আগে গত রোববার এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মোঃ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ ১৮ ফেব্র“য়ারি (আজ) থেকে সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। তবে রমজান মাসে কোনো পরীক্ষা থাকলে তা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও নির্দেশ দেওয়া হয়। পবিত্র রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চেয়ে গত ২০ জানুয়ারি রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ ইলিয়াছ আলী মণ্ডল। এর আগে একই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
হাইকোর্টের ওই আদেশের পর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব নিয়মিত লিভ টু আপিল পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী ব্রত উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। গত সোমবার থেকে প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হয়েছে।
তবে নির্বাচনের ছুটির মধ্য দিয়ে মাদ্রাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা ঈদের ছুটি শুরু করেছেন। মাদ্রাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২৮ মার্চ পর্যন্ত ছুটি চলবে।
এদিকে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সারাদেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোয় বুধবার থেকে ছুটি শুরু হয়েছে। দীর্ঘ ৩৯ দিন ছুটির পর আগামী ২৯ মার্চ থেকে আবারও শিক্ষা কার্যক্রম শুরু হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ