খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

প্রতিদিন অংশগ্রহণ করছেন ৬ হাজার রোজাদার

কালিগঞ্জের নলতায় শুরু হয়েছে দেশের বৃহত্তম ঐতিহাসিক ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:২৫ পি.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৬


প্রতি বছরের ন্যায় এবারও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে শুরু হয়েছে দেশের বৃহত্তম ইফতার মাহফিল। হযরত খান বাহাদুর আহছানউল্লা (র.)-এর মাজার সংলগ্ন ঐতিহাসিক ইফতার মাঠে ৬ হাজার রোজাদার মানুষ একসাথে বসে ইফতার করেন। রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত রোজাদার মুসল্লিরা যাতে একসাথে বসে নির্বিঘেœ ইফতার করতে পারেন তার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। 
বৃহস্পতিবার রমজানের প্রথম দিন বিকালে মাঠের বিশাল প্যান্ডেল থেকে শুরু করে ইফতারি তৈরির সরঞ্জাম সবই প্রস্তুত করা হয়। স্বেচ্ছাসেবীরা সারিবদ্ধভাবে বসার স্থান ও ইফতারের পাত্রগুলো গুছিয়ে রাখছেন। রমজান মাসের প্রতিদিন বিকালে ২৫০ জন স্বেচ্ছাসেবীদের মাধ্যমেই মাঠে একসঙ্গে ৬ হাজার মানুষের মাঝে ইফতার পরিবেশন করা হবে। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে হাজার হাজার মানুষের একই সারিতে বসে ইফতার করার এই দৃশ্য সাতক্ষীরার এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে।
প্রতিদিন ছয় হাজার মানুষের ইফতারের এই বিশাল আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ ডাঃ মোঃ নজরুল ইসলাম বলেন, আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন  হয়েছে। এ বছর প্রতিদিন ৬ হাজার মানুষের জন্য ইফতার সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। বিশাল এই কর্মযজ্ঞ সুচারুভাবে সম্পন্ন করতে আগে থেকেই লোকবল সুনির্দিষ্ট করা হয়েছে। ইফতার মাহফিল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২৫০ জন স্বেচ্ছাসেবী প্রস্তুত থাকেন। এছাড়া ইফতারি তৈরির কাজে ৫০ জন অভিজ্ঞ বাবুর্চি নিরলসভাবে নিয়োজিত আছেন।
তিনি আরো বলেন, প্রথা অনুযায়ী স্বাস্থ্যসম্মত ইফতারের তালিকায় এবছরেও রাখা হয়েছে, ঐতিহ্যবাহী ফিরনি, চিড়া, সিদ্ধ ডিম, ছোলা ভুনা, সিঙ্গাড়া, কলা ও খেজুর। প্রতিদিন ফজরের পর থেকেই বাবুর্চিরা এসব খাবার তৈরির কাজ শুরু করেন। মিশন কর্তৃপক্ষের আশা, সুন্দর পরিবশে স্বেচ্ছাসেবীদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় এবারের ইফতার মাহফিলও বরাবরের মতো শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।

প্রিন্ট

আরও সংবাদ