খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

ঘুষের টাকা ফেরত দেয়ার অঙ্গীকার

রামপালে মডেল কেয়ারটেকার মামুনের অপকর্মের তদন্ত শুরু

রামপাল প্রতিনিধি |
১২:২৯ এ.এম | ২০ ফেব্রুয়ারী ২০২৬


রামপালে ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আল মামুনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তদন্তকালে অভিযুক্ত আল মামুন ঘুষের টাকা ফেরৎ দেয়ার ঘোষণা দিয়ে অঙ্গীকার করে আবারও মুচলেকা দেন।
জানা গেছে, রামপাল উপজেলা মডেল কেয়ারটেকার আল মামুন মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমে নিয়োজিত শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন প্রকারের চাপ প্রয়োগ করে ঘুষ গ্রহণ করেন। এ বিষয়ে ভুক্তভোগীরা বিগত ২০১৯ সাল থেকে লিখিত অভিযোগ করে আসছেন। ইতিমধ্যে কয়েকবার তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হলেও তা আলোর মুখ দেখেনি। এভাবে ওই দুর্নীতিবাজ মামুন বার বার পার পেয়ে যাচ্ছে। 
শিক্ষকগণ অভিযোগ করেন তাদের ভুল বুঝিয়ে সাদা কাগজে স্বাক্ষর ও তার অপকর্মের তথ্য আড়াল করতে মানববন্ধন করিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা তদন্ত শুরু করেন। তদন্তের সময় ভুক্তভোগী হাওয়া সুলতানা, জিয়াউর রহমান ও আবুল হোসেনসহ একাধিক শিক্ষকগণ জানান, মডেল কেয়ারটেকার তাদের কাছ থেকে ঘুষ গ্রহণ করেন। এ সময় তাৎক্ষণিকভাবে হাওয়া সুলতানাকে ৩০ হাজার টাকা ফেরত দেয়ার অঙ্গিকার করে ঘুষখোর আল মামুন।
এ বিষয়ে আল মামুন সকল অভিযোগ অস্বীকার করলেও এক পর্যায়ে তার সকল অপকর্মে সকল তথ্য বেরিয়ে পড়ে। তার অপকর্মের বিষয়ে শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, তদন্ত যা যা প্রমাণিত হয়েছে, সে বিষয়ে উধর্ক্ষতন কর্তৃপক্ষ বরাবর লেখা হবে।

প্রিন্ট

আরও সংবাদ