খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

মাগুরায় মোটরসাইকেল-নছিমন মুখোমুখি সংঘর্ষে স্বর্ণকার নিহত

মাগুরা প্রতিনিধি |
১২:৩১ এ.এম | ২০ ফেব্রুয়ারী ২০২৬


মাগুরায় মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে অঙ্কন মজুমদার (২১) নামে এক স্বর্ণকার নিহত হয়েছেন। এ ঘটনায় হৃদয় মজুমদার নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বরুণাতৈল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অঙ্কন মজুমদার জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর মিস্ত্রিপাড়ার মৃত কার্তিক মজুমদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, অঙ্কন মজুমদার মাগুরা সদর উপজেলার আলোকদিয়া বাজারে অপূর্ব মজুমদারের একটি জুয়েলারিতে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার তিনি একই জুয়েলারির আরেক কর্মচারী হৃদয় মজুমদারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। পথে বরুণাতৈল এলাকায় অপ্রকৃতিস্থ এক পথচারীকে সাইড দিতে গিয়ে দ্রুতগতির একটি নছিমনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অঙ্কন ও হৃদয় দু’জনই মারাত্মক আহত হন।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই অঙ্কন মজুমদারের মৃত্যু হয়। গুরুতর আহত হৃদয় মজুমদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নছিমনটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

প্রিন্ট

আরও সংবাদ