খুলনা | শনিবার | ২১ ফেব্রুয়ারী ২০২৬ | ৮ ফাল্গুন ১৪৩২

রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৮:০২ পি.এম | ২০ ফেব্রুয়ারী ২০২৬


বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে রমজানের প্রথম জুমআর নামাজা আদায় করেছেন মুসল্লীরা। এদিন সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন স্থান থেকে মুসল্লীরা আসতে থাকেন। দুপুর নাগাদ মুসল্লীদের ঢল নামে, কানায় কানায় ভরে ওঠে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ।

জুমার নামাজে ইমামতি করেন ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।।

মুসুল্লি আবদুল কাদের (খুলনা থেকে আগত) বলেন, রমজানের প্রথম জুমা এখানে আদায় করার ইচ্ছা অনেক দিনের। এই মসজিদে নামাজ পড়লে মনে অন্যরকম শান্তি লাগে।

ঢাকা থেকে আসা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিশ্ব ঐতিহ্যের এই মসজিদে জুমা পড়তে পারা সৌভাগ্যের। এত মানুষের সঙ্গে একসাথে ইবাদত করতে পেরে ভালো লাগছে।

স্থানীয় মুসল্লি হাফিজুর রহমান জানান, রমজানে প্রতি জুমায় এখানে ভিড় বাড়ে। প্রশাসনের ব্যবস্থাপনা ভালো থাকায় মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারছেন।

আইনজীবী মাসুম শেখ বলেন, ষাটগম্বুজ মসজিদে নামাজ পড়লে অনেক শান্তি পাওয়া যায়। এটি একটি অন্যতম নিদর্শন। নিজেকে গর্বিত মনে হচ্ছে এবং আল্লাহর ঘরে সেজদা দিতে পারায় আমি অনেক ভালো লাগছে৷  

স্থানীয় বাসিন্দা ইমরান হুসাইন বলেন , আমরা প্রতি রমজানের প্রথম জুমা এখানে আদায় করি। মনের দিক থেকে খুব ভালো লাগে। বন্ধুদের সঙ্গে জুমার নামাজ পড়ার আনন্দ আলাদা।

ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন বলেন, রমজানের সব প্রস্তুতি রয়েছে আমাদের। দু’জন সুনামধন্য হাফেজ দিয়ে খতম তারাবি পড়ানো হয়। প্রতিদিন দুই থেকে তিনশো রোজাদারকে এখানে ইফতারি করানো হয়। শুক্রবার অনেক বেশি আয়োজন থাকে।

রমজান মাসে অনেক দূরদূরান্ত থেকে মানুষ এখানে নামাজ আদায় করতে আসেন ষাটগম্বুজ মসজিদে বলে জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ