খুলনা | শনিবার | ২১ ফেব্রুয়ারী ২০২৬ | ৮ ফাল্গুন ১৪৩২

অনিয়মের অভিযোগে মেসিদের ফুটবল সভাপতির দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্রীড়া প্রতিবেদক |
০৯:০৩ পি.এম | ২০ ফেব্রুয়ারী ২০২৬


কর ফাঁকি ও সামাজিক নিরাপত্তা তহবিল আত্মসাতের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএর প্রেসিডেন্ট ক্লডিও তাপিয়া, কোষাধাক্ষসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন আর্জেন্টিনার অর্থনৈতিক অপরাধ আদালতের বিচারক। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তাপিয়াকে আগামী ৫ মার্চ এবং কোষাধক্ষ তোভিগিনোকে ৬ মার্চ আদালতে হাজির হতে বলা হয়েছে। এ মামলায় আরও কয়েকজন ফুটবল প্রশাসককেও তলব করা হয়েছে, যার মধ্যে রয়েছেন আর্জেন্টিনোস জুনিয়র্স ক্লাবের প্রেসিডেন্ট ও রেসিং ক্লাবের সাবেক প্রেসিডেন্ট।

রাষ্ট্রীয় রাজস্ব সংস্থা এআরসিএ অভিযোগ করেছে, এএফএ কর ও সামাজিক নিরাপত্তা তহবিল আদায়ের ‘উইথহোল্ডিং এজেন্ট’ হিসেবে দায়িত্ব পালন করলেও নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ রাষ্ট্রের কোষাগারে জমা দেয়নি। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ভ্যাট, আয়কর ও সামাজিক নিরাপত্তা অবদানের অর্থ কেটে রাখা হলেও তা সময়মতো জমা হয়নি। সব মিলিয়ে তদন্তাধীন মোট অর্থের পরিমাণ ১৯.৩ বিলিয়ন পেসোরও বেশি। যা প্রায় ১.২৮ কোটি ডলার।

এআরসিএ জানায়, এসব অর্থ এএফএর নিজস্ব তহবিল নয়, বরং আদায়ের মুহূর্ত থেকেই তা রাষ্ট্রের সম্পদ হিসেবে গণ্য হয়। ফলে সময়মতো জমা না দেওয়া হলে তা সরকারি অর্থের বেআইনি আত্মসাৎ হিসেবে বিবেচিত হবে।

সংস্থাটি আরও বলেছে, এই অপরাধটি ‘ইচ্ছাকৃত অবহেলা’র মাধ্যমে সংঘটিত হয়েছে—কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত দায় সম্পর্কে অবগত ছিল এবং অর্থ জমা দেওয়ার বাস্তব সক্ষমতাও ছিল, তবু তারা তা করেনি।

প্রিন্ট

আরও সংবাদ