খুলনা | শনিবার | ২১ ফেব্রুয়ারী ২০২৬ | ৮ ফাল্গুন ১৪৩২

কলারোয়ায় ট্রলির ধাক্কায় প্রাণ গেল অষ্টম শ্রেণির শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৫৮ এ.এম | ২১ ফেব্রুয়ারী ২০২৬


সাতক্ষীরা কলারোয়ায় ইটবাহী ট্রলির চাপায় সজীব হোসেন (১৫) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার আলাইপুর খাঁপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব উপজেলার আগুনপুর গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে। সে স্থানীয় বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সজীব বাইসাইকেলে করে নিজ গ্রাম আগুনপুর থেকে কলারোয়া সদরের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আলাইপুর খাঁপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ইটবাহী ট্রলি তার বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে সজীব সড়কে ছিটকে পড়ে ট্রলির চাকার নিচে পিষ্ট হয়। পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছেলের অকাল মৃত্যুতে সজীবের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল জুড়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। 
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, অবৈধ ও বেপরোয়া ট্রলির দৌরাত্ম্যে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। একটি দ্রুতগতির যান কেড়ে নিল এক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, দুর্ঘটনার পর ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

প্রিন্ট

আরও সংবাদ