খুলনা | শনিবার | ২১ ফেব্রুয়ারী ২০২৬ | ৮ ফাল্গুন ১৪৩২

বাগেরহাটে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০১:০৫ এ.এম | ২১ ফেব্রুয়ারী ২০২৬


বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নামে।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টায় শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালনের মাধ্যমে দিবসটি উদযাপনের কর্মসূচি শুরু হয়। ১২টা ০১ মিনিটে শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

এর পরেই বাগেরহাট-২ (কচুয়া ও সদর) আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ পুস্পস্তবক অর্পন করেন।

এর পরেই জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী পুস্পস্তবক অর্পন করেন। এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, বাগেরহাট জেলা বিএনপি ও অংগসংগঠন, বাগেরহাট সড়ক বিভাগ, মৎস্য অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল, জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবি সমিতি, জেলা মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা পুস্পস্তবক অর্পন করেন।

এছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ