খুলনা | রবিবার | ২২ ফেব্রুয়ারী ২০২৬ | ৯ ফাল্গুন ১৪৩২

আগামী মাস থেকে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু: তথ্যমন্ত্রী

খবর প্রতিবেদন |
০৩:৪৪ পি.এম | ২১ ফেব্রুয়ারী ২০২৬

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন অনুযায়ী দেশে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আগামী মাস থেকে এই কার্ডের কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হবে। দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্যরা এই কার্ডের মালিক হবেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, বাংলার মানুষ তার অধিকার প্রতিষ্ঠায় কখনো আপোস করেনি ‘৫২-এর ভাষা আন্দোলন থেকে ২৪’এর গণ-অভ্যুত্থান তারই প্রমাণ। ভাষা দিবসের চেতনা ছিল ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ। দেশে আর কোনো অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখল করা যাবে না। নির্বাচনই হবে ক্ষমতায় আসার একমাত্র বৈধ পথ।

গণমাধ্যম প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠুভাবে কাজ করতে দিতে হবে। গণমাধ্যমকে কুক্ষিগত করতে দেওয়া হবে না। আমি গণমাধ্যমের অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছি। কোনো গোষ্ঠীকে গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী মবকে প্রশ্রয় দিচ্ছে এবং প্রশাসনের একটি অংশ তাতে সায় দিচ্ছে। দেশে আর মব-সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। যারা প্রশাসনকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করবেন, তাদেরও সচেতন থাকতে হবে।

রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলন কোনো পেশা নয়, আমাদের আন্দোলন করতে বাধ্য করা হয়েছিল। তাই সবাইকে সজাগ থাকতে হবে, যাতে আমাদের বিরুদ্ধে কোনো আন্দোলন সৃষ্টির সুযোগ না থাকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। এ ছাড়া বক্তব্য দেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলী, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবদুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন এবং কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

প্রিন্ট

আরও সংবাদ