খুলনা | রবিবার | ২২ ফেব্রুয়ারী ২০২৬ | ৯ ফাল্গুন ১৪৩২

‘জয়বাংলা’ স্লোগান দিয়ে নিষিদ্ধ আ.লীগের অফিসে পতাকা উত্তোলন

খবর প্রতিবেদন |
০৪:২৪ পি.এম | ২১ ফেব্রুয়ারী ২০২৬

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বগারচর ইউনিয়ন এলাকায় জাতীয় পতাকা উত্তোলন ও ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে দলীয় কার্যালয়ের সামনে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে তারা জাতীয় পতাকা উত্তোলন করেন।

এ সময় ভাষা আন্দোলনে শহীদদের জন্য মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন তারা।

পতাকা উত্তোলনকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল ও নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহসহ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তবে পতাকা উত্তোলন ও মোনাজাতের পরই কার্যালয় প্রাঙ্গণ থেকে সটকে পড়েন নেতাকর্মীরা। এ ঘটনায় বগারচর ইউনিয়নে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের বকশিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন। তিনি তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আজ ভোরে বগারচর ইউনিয়ন আওয়ামিলীগের কার্যালয়ের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পতাকা উত্তোলন ও বিভিন্ন স্লোগান দেয়। এখন পর্যন্ত আওয়ামী রাঘবদের বিচারের আওতায় না আনতে পারার ফসল এগুলো। বিগত দেড় বছরে আওয়ামী  লীগের রাঘববোয়ালদের কাউকে গ্রেফতার করতে পারেনি বকশীগঞ্জ থানা পুলিশ।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই আওয়ামী দোসরদের গ্রেফতার দেখতে চান জানিয়ে শাহরিয়ার আহমেদ বলেন, নয়তো ছাত্রজনতা এর সমোচিত জবাব দেবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এই বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে তারা পালিয়ে যান। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ