খুলনা | সোমবার | ২৩ ফেব্রুয়ারী ২০২৬ | ১০ ফাল্গুন ১৪৩২

শেখ মেহেদীর মায়ের ইন্তেকাল, বিসিবির শোক

ক্রীড়া প্রতিবেদক |
০৩:২৫ পি.এম | ২২ ফেব্রুয়ারী ২০২৬


না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম। আজ সকালে খুলনায় শেষনি:শ্বাস ত্যাগ করেন তিনি। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

মেহেদীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। এই বিবৃতিতে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী হাসান এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে।’

এই অলরাউন্ডারের মায়ের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে অন্যান্য ক্রিকেটারদের মাঝেও। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইতোমধ্যেই দিয়েছেন আবেগঘন বার্তা।

গণমাধ্যমের সাথে আলাপকালে শান্ত বলেন, ‘সকালে আমরা খবরটা পেয়েছি। তারপর যত তাড়াতাড়ি সম্ভব ওকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। খুবই দুঃখের খবর। তার আম্মার জন্য অবশ্যই দোয়া থাকবে। আমরা ওর পাশে আছি। কঠিন সময়, কিন্তু কিছু করার নেই।’

বগুড়ায় কোনো এয়ারপোর্ট বা বিমানবন্দর না থাকায় যাত্রাপথও দীর্ঘ হচ্ছে মেহেদীর। এই প্রসঙ্গে

শান্ত বলেন, ‘এয়ারপোর্ট থাকলে আরো ভালো হতো। আশা থাকবে এয়ারপোর্ট দ্রুত হয়ে যাবে।’

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ মেহেদী। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে ছিলেন তিনি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে ভারত যেতে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। বিকল্প হিসেবে অদম্য টি-টোয়েন্টি কাপ আয়োজন করেছিল বিসিবি। এই টুর্নামেন্টটিতে লিটন দাসের নেতৃত্বে ধূমকেতু একাদশের হয়ে খেলেছেন মেহেদী।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মেহেদীর। ২০২১ সালে ওয়ানডে দলেও পথচলা শুরু হয় তাঁর। ৭০ টি-টোয়েন্টির ৬৮ ইনিংসে বল হাতে নিয়েছেন সমান উইকেট; ওভারপ্রতি দিয়েছেন ৬.৭৩ রান। এ ছাড়া ৪৮ ইনিংস ব্যাটিংয়ে নেমে করেছেন ৪২৭ রান; স্ট্রাইকরেট ১০১.১৮।

টি-টোয়েন্টির মতো ওয়ানডে দলে নিয়মিত হতে পারেননি মেহেদী। এই সংস্করণে বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত মাত্র ১১টি ম্যাচ খেলেছেন তিনি। ৪.৯৫ ইকোনমি রেটে তুলে নিয়েছেন ১৪ উইকেট। পাশাপাশি ১০ ইনিংসে ১২২ রান করেছেন মেহেদী।

প্রিন্ট

আরও সংবাদ