খুলনা | রবিবার | ২২ ফেব্রুয়ারী ২০২৬ | ৯ ফাল্গুন ১৪৩২

১২ মার্চ সংসদ অধিবেশন, স্পিকার নির্বাচনসহ যা থাকছে কার্যসূচিতে

খবর প্রতিবেদন |
০৪:৫১ পি.এম | ২২ ফেব্রুয়ারী ২০২৬

 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ। ওই দিন দুপুরে অধিবেশন আহ্বান করা হয়েছে। এই অধিবেশনে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংসদীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাংবিধানিক নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশন আহ্বানের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, সংসদ সচিবালয় থেকে এ-সংক্রান্ত একটি সারসংক্ষেপ প্রস্তুত করা হবে। এটি প্রথমে প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে এবং পরে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি সেই সারসংক্ষেপ অনুযায়ী আনুষ্ঠানিকভাবে সংসদ অধিবেশন আহ্বান করবেন। প্রাথমিক সিদ্ধান্তে ১২ মার্চ অধিবেশনের তারিখ চূড়ান্ত করা হয়েছে।

সংসদীয় রেওয়াজ অনুযায়ী, নতুন সংসদের প্রথম দিনে নবনির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিতিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচিত স্পিকারের সভাপতিত্বে অধিবেশনের অন্য কার্যক্রম চলবে।

অধিবেশনের সম্ভাব্য কার্যসূচি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় জনস্বার্থে জারি করা বিভিন্ন জরুরি অধ্যাদেশগুলো এই অধিবেশনে আইন হিসেবে অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করা হবে; সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ভাষণ দেবেন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এবং আলোচনা অনুষ্ঠিত হবে; সাম্প্রতিক সময়ে মারা যাওয়া বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদদের স্মরণে সংসদে শোকপ্রস্তাব গৃহীত হবে।

দীর্ঘ সময় পর এবং একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মধ্য দিয়ে গঠিত এই সংসদের ওপর দেশবাসীর ব্যাপক প্রত্যাশা রয়েছে। অধিবেশনটি দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনর্গঠনে একটি সূচনাবিন্দু হিসেবে ধরা হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ